১২ জুন ইংল্যান্ডে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ৷ চলবে ৫ জুলাই পর্যন্ত৷ স্বাভাবিকভাবেই ওডিআই বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে নিয়ে জন্ম নিচ্ছে প্রত্যাশা৷ ক্যাপ্ঢেন হরমনপ্রীত কাউর তা অস্বীকারও করছেন না৷ গত নভেম্বরে নভি মুম্বইয়ে ৫০ ওভারের ঘরানায় বিশ্বকাপ জেতা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছে বলে জানিয়েওছেন৷ তাঁর কথায়, ‘জীবনের যে কোনও ক্ষেত্রেই স্বীকৃতির জন্য সাফল্য জরুরি৷ আমাদের ক্ষেত্রে বিশ্বকাপ জেতাটা ঠিক তাই৷ অন্যথায় মনে হত, এতদিনের কঠোর পরিশ্রম নষ্ট হল৷ শুধু আমরাই নই, অতীতের সমস্ত মহিলা ক্রিকেটারের অবদান অনস্বীকার্য৷ ওদের এমনকী নিজের পকেটের টাকা খরচ করেও খেলতে হয়েছে৷ সেজন্যই ট্রফি জেতা জরুরি৷ তারপর ভারতীয় ক্রিকেটপ্রেমী, মিডিয়া, বাকি সবার থেকে যে ভালোবাসা পেয়েছি তার তুলনা হয় না৷ তাই প্রত্যাশা থাকবেই৷’