২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে একগুচ্ছ নতুন নিয়ম চালু করছে ফিফা৷ ম্যাচ চলাকালীন ফুটবলার বদল থেকে চোট পাওয়া খেলোয়াড়ের চিকিৎসার ক্ষেত্রে যে সময় নষ্ট হয়, তা কমাতে ইতিমধ্যেই বিশেষ পদক্ষেপের কথা আগেই ঘোষণা করেছিল বিশ্ব ফুটবলের সর্র্বেচ্চ নিয়ামক সংস্থা৷ এবার মাঠে বিপক্ষ ফুটবলারের উদ্দেশ্যে কোনও মন্তব্য কিংবা সতীর্থদের কথা বলার ক্ষেত্রে মুখ ঢাকা চলবে না৷ তেমনটা ঘটলে রেফারি সংশ্লিষ্ট ফুটবলারকে লাল কার্ড দেখাতে পারেন৷ অতীতে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, মুখ ঢেকে অশালীন বা বর্ণবিদ্বেষী কথা বলেন ফুটবলারেরা৷ এই ঘটনা যাতে না ঘটে তার জন্য এই নতুন নিয়ম চালু করতে চলেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)৷ এক বিবৃতিতে তারা জানান, ‘ফিফার কাছ থেকে প্রথম এই প্রস্তাব মেলে৷ সেই মতো গত ফেব্রুয়ারি মাসে সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হয়েছিল৷ খেলার সময় যদি কোনও ফুটবলার হাত দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারি চাইলে তাঁকে লাল কার্ড দেখাতে পারেন৷’
এদিকে, এবারই প্রথম ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন হতে চলেছে৷ একই সঙ্গে তিনটি ভিন্ন দেশে হবে খেলা৷ তাই অংশগ্রহণকরী দলগুলির খরচও বাড়ছে৷ সেই কথা মাথায় রেখে আসন্ন কাপযুদ্ধে আর্থিক পুরস্কার মূল্য বৃদ্ধির কথা সিদ্ধান্ত নিয়েছে ফিফা৷