৮৫ হাজার ভিসা বাতিল করেছে আমেরিকা! জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় এক বছরে ভিসা বাতিলের সংখ্যা জানিয়েছে আমেরিকার বিদেশ দফতর৷ তার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে৷ একই সঙ্গে জাতীয় নিরাপত্তা স্বার্থে ভিসার অনুমোদনের ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে৷
গত মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে ৮৫ হাজার ভিসা বাতিলের কথা জানিয়েছে মার্কিন বিদেশ দফতর৷ সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে তারা৷ ওই পোস্টের সঙ্গে ট্রাম্পের একটি ছবিও দেওয়া হয়৷ তাতে লেখা, ‘আমেরিকাকে আবার নিরাপদ করে তুলুন!’
আমেরিকার বিদেশ দফতরের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বাতিল হওয়া ভিসার মধ্যে আট হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন৷ গত বছর যত সংখ্যক পড়ুয়াদের ভিসা বাতিল করেছে আমেরিকা, এই সংখ্যা তার দ্বিগুণ৷ কেন ভিসা বাতিল করা হল? ওই আধিকারিক জানিয়েছেন, সবচেয়ে বেশি সংখ্যক ভিসা বাতিল হয়েছে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে৷ চুরি-ছিনতাইয়ের মতো ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অনেকের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন৷
শুধু তা-ই নয়, কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গাজা নিয়ে বিক্ষোভের কারণেও বহু বিদেশি পড়ুয়াকে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ ইহুদি বিদ্বেষ বা চরমপন্থী গোষ্ঠীর সমর্থনের অভিযোগেও অনেক বিদেশি পড়ুয়ার ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক৷
মার্কিন প্রশাসন ইতিমধ্যেই বিশ্বের ১৯টি দেশের নাগরিকের ভিসা অনুমোদন বন্ধ করেছে৷ সেই তালিকা আরও বাড়তে পারে৷ আমেরিকার স্বরাষ্ট্র দফতরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ৩০ থেকে ৩২ দেশের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হতে পারে৷ আমেরিকায় বৈধ ভিসাধারীরাও রয়েছে প্রশাসনের আতশকাচের নীচে৷ সেই সংখ্যাটা নেহাত কম নয়৷ প্রায় পাঁচ কোটি ৫০ লক্ষ বিদেশি নাগরিকের উপর নজর রাখা হয়েছে৷ চলছে যাচাই-বাছাই প্রক্রিয়াও৷ ফলে ভিসা বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে আমেরিকার বিদেশ দফতর৷