গত ২রা আগস্ট, রবিবার কলকাতার শ্যামবাজারে ‘আমরা বাঙালী’ দলের ‘বার্ষিক সাধারণ সভা’ অনুষ্ঠিত হয়৷ পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ত্রিপুরা থেকে শতাধিক প্রতিনিধি এই সভায় অংশগ্রহণ করেন৷ উত্তরবঙ্গ থেকে আগত শ্রী নীরদ অধিকারী ও শ্রী আশুতোষ সরকার সভাপতি মন্ডলীর সদস্যরূপে সভা পরিচালনা করেন৷ সভায় দলের বার্ষিক প্রতিবেদন পেশ করেন কেন্দ্রীয় সচিব শ্রীজ্যোতিবিকাশ সিন্হা ও আর্থিক প্রতিবেদন পেশ করেন কেন্দ্রীয় সাংঘটনিক সচিব শ্রী তপময় বিশ্বাস৷ প্রতিবেদনগুলি সম্পর্কে উপস্থিত প্রতিনিধিগণ আলোচনা করেন ও সভায় সেগুলি গৃহীত হয়৷ পরবর্তী পর্যায়ে দলের পঞ্চ শাখার কমিটিগুলি ঘটিত হয়৷ আগামী দিনে সংঘটনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নতুন সদস্যকরন, সদস্যপদ নবীকরণ জেলা ও ব্লক স্তরের কমিটিগুলি ঘটন-পুনর্ঘটন ও ব্যাপক জনসংযোগের কর্মসূচি গৃহীত হয়৷ উপস্থিত সদস্য ও সদস্যাগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা ও সংঘটনকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায়৷ সেই দিন বিকাল চারটায় আমরা বাঙালী দলের পরিচালনায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিল স্টার থিয়েটারের সামনে আসে ও সেখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ অতি সম্প্রতি মহান দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী, আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসু সম্পর্কে শ্রীশমীক ভট্টাচার্য ও অনন্ত মহারাজের কু-মন্তব্যের ও অসম্মানসূচক উক্তি বর্ষণের বিরুদ্ধে আমরা বাঙালীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সভা থেকে তীব্র প্রতিবাদ ও ধিক্কার বর্ষিত হয়৷ এছাড়াও সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে বাঙালী মনীষীগণের প্রতি অবমাননামূলক আচরণের নিন্দা ও প্রশাসনের পক্ষ থেকে যথোচিত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়৷ বক্তাগণ এই ঘটনাক্রমকে বাংলা ও বাঙালীর বিরুদ্ধে একটি পরিকল্পিত আক্রমণ হিসেবে ব্যক্ত করেন ও অভিযুক্ত ব্যষ্টিগণের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ দাবি করেন৷ নচেৎ আমরা বাঙালী সংঘটন শহর, গ্রামে-গঞ্জে এই আন্দোলনকে ছড়িয়ে দিয়ে গণআন্দোলনে পরিণত করবে৷ এছাড়াও বক্তাগণ মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার প্রবর্তিত প্রাউট দর্শনের নির্দেশিত পথে শোষণমুক্ত সমাজ গঠনের সপক্ষে বক্তব্য পেশ করেন ও সবাইকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবার আহ্বান জানান৷
বিক্ষোভসভায় বক্তব্য রাখেন--- কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্হা, কেন্দ্রীয় সাংঘটনিক সচিব তপময় বিশ্বাস, কেন্দ্রীয় প্রচারসচিব উজ্জ্বল ঘোস, সমতট সাংঘটনিক সচিব জয়ন্ত দাস, বরেন্দ্রভূমি সাংঘটনিক সচিব দলেন্দ্রনাথ রায়, উত্তরবঙ্গের সমন্বয়ক খুশীরঞ্জন মন্ডল, হাওড়া জেলার সচিব অর্ণব কুন্ডু চৌধুরী, মহিলা নেত্রী গোপা শীল, অরূপ মজুমদার, দিব্যেন্দু চৌধুরী প্রমুখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীবিশ্বজিৎ বণিক৷