আজকের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ অভ্যাসে পরিণত হচ্ছে৷ বিভিন্ন ক্ষেত্রে চলছে এআই এর দাপট৷ তা সে কারিগরী শিল্প হোক বা শিক্ষাক্ষেত্র আবার দৈনন্দিন জীবন থেকে সংগীত জগৎ৷ আর এই প্রযুক্তির ব্যবহারের জন্য রীতিমতো হুমকির মুখে মানুষের কর্মজীবন৷ অস্ট্রেলিয়ার সঙ্গীত ইন্ডাস্ট্রি পরিচালনা করে অস্ট্রেলিয়ান রেকর্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন৷ এবার গানের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নিল এই সংস্থা৷ নিয়মিত ভাবে অস্ট্রেলিয়ায় সেরা ২০ গানের তালিকা প্রকাশ করে এআরআইএ৷ এখন থেকে এই তালিকায় কোন এআই নির্মিত গান থাকবে না বলে ঘোষণা করেছে তারা৷ এমনকি অস্ট্রেলিয়ার সঙ্গীত শিল্পের মর্যাদাপূর্ণ পুরস্কার এআরআইএ অ্যাওয়ার্ডসের জন্য এআই নির্মিত কোন গান বিবেচিত হবে না বলে জানিয়েছে তারা৷
প্রসঙ্গত ম্যাডোনার জনপ্রিয় ‘লাইক এ প্রেয়ার’ গানের একটি সংস্করণকে নিয়ে বিতর্কের শুরু৷ এক অস্ট্রেলিয়া প্রযোজক এআইয়ের মাধ্যমে তৈরি কণ্ঠস্বর ও ড্রাম ব্যবহার করে গানটির একটি নতুন সংস্করণ তৈরি করেন৷ টানা ষোল সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার সেরা কুড়ি গানের তালিকায় ছিল৷ আর এই নিয়েই শুরু হয় বিতর্ক৷ এরপরেই এআই নির্মিত গান নিয়ে কড়া সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ান রেকর্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন৷