মধুর প্রতিশোধ৷ ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরেছিল ভারত৷ টি-২০ সিরিজে সেই আক্ষেপ ভুলিয়ে দিলেন সূর্যকুমার যাদবরা৷ শনিবার ব্রিসবেনে বজ্র-বিদ্যুতসহকারে বৃষ্টির জেরে পঞ্চম ম্যাচ ভেস্তে যায়৷ ফলে নিশ্চিত হয় ২-১ ব্যবধানে টিম ইন্ডিয়ার সিরিজ জয়৷ সেই সঙ্গে সূর্যরা বুঝিয়ে দিলেন কেন তাঁরা টি-২০’তে বিশ্বচ্যাম্পিয়ন!
অস্ট্রেলিয়ার মাটিতে আগেও টি-২০ সিরিজ জিতেছে ভারত৷ এটা দ্বিতীয়বার৷ এছাড়া দু’টি সিরিজ ড্র হয়৷ রোহিত-বিরাট উত্তর যুগে অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ছিল গম্ভীর ব্রিগেডের প্রথম টি-২০ সিরিজ৷ আর তাতে রীতিমতো দাপট দেখিয়েছেন ভারতের তরুণ তুর্কিরা৷ আলাদাভাবে প্রশংসা করতে হবে অভিষেক শর্মার৷ বাঁহাতি ওপেনারটি মোট ১৬৩ রান করে সিরিজের সেরা হয়েছেন৷
শনিবার ব্রিসবেনে টস হেরে ব্যাট করতে নামে ভারত৷ দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার৷ শুভমান গিলকে রীতিমতো রক-সলিড দেখাচ্ছিল৷ খেলা বন্ধ হওয়ার সময় তাঁর নামের পাশে ছ’টি বাউন্ডারি সহ ১৬ বলে ২৯ রান৷ আর ১২ বলে ২৩ রানের ইনিংস খেলার পথে অনন্য রেকর্ড গড়েন অভিষেক৷ টি-২০ ফরম্যাটে বলের নিরিখে দ্রুততম হাজার রানের নজির এখন অভিষেকের নামের পাশে৷ ৫২৮ বলে এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি৷ টপকে যান সূর্যকুমারকে৷ ভারত অধিনায়ক হাজার রানে পৌঁছেছিলেন ৫৭৩টি বল খেলে৷ তবে এদিন দু’বার জীবনদানও পেয়েছেন অভিষেক৷ ম্যাক্সওয়েল ও ডয়ারশুইস তাঁর দু’টি ক্যাচ ফস্কান৷ আসলে স্লোয়ার ডেলিভারিতে বারবার অস্বস্তিতে পড়ছেন তিনি৷ আগামী বছর বিশ্বকাপের আগে ভুল না শোধরালে সমস্যায় পড়বেন বাঁহাতি ওপেনার৷
গিল-অভিষেক যখন ব্যাটে ঝড় তুলছিলেন তখনই শুরু প্রাকৃতিক দুর্যোগ৷ প্রচণ্ড বজ্র-বিদ্যুতের কারণে খেলা থামিয়ে দেন আম্পায়াররা৷ পরে আঝোরে বৃষ্টি নামলে খেলা ভেস্তে যায়৷ সেই সময় ভারতের স্কোর ছিল ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২৷ সিরিজ জেতার মঞ্চে দাঁড়িয়ে ক্যাপ্ঢেন সূর্যকুমার যাদব বলছিলেন, ‘ঘরের মাঠে মেয়েরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে৷ অস্ট্রেলিয়ার মাটিতে আমরা টি-২০ সিরিজ জিতলাম৷ ভারতীয় ক্রিকেট ভালো দিশায় রয়েছে৷’ অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের মন্তব্য, ‘যোগ্য দল হিসেবেই জিতেছে ভারত৷ ওদের অভিনন্দন৷ তবে আমরা ঘুরে দাঁড়াব৷’