গত ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন উপলক্ষ্যে কলিকাতার ট্যাংরা পটারি রোডে শরৎচন্দ্র সুর ইনস্টিটিউশনে এক মনোজ্ঞ আলোচনার আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষও বিশ্ব কমল ওয়েলফেয়ার সোসাইটি৷ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি দীপজ্যোতি কর, আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে আচার্য পূর্ণদেবানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রদল৷
প্রদীপ জেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও আচার্য পূর্ণদেবানন্দ অবধূত৷ এরপর বিদ্যালয়ের সভাপতি দীপজ্যোতি কর বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর স্ত্রোত্র পাঠ স্বাগত ভাষন দেন বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষক৷ দুই ছাত্র বিবেকানন্দের বর্নময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন৷
এরপর আচার্য পূর্ণদেবানন্দ অবধূত বীর সন্ন্যাসী বিবেকানন্দের জীবন ও আদর্শ নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন৷ তাঁর আলোচনায় তিনি বলেন---বিবেকানন্দ বলেছিলেন মানুষ তৈরী আমার লক্ষ্য৷ আজ আনন্দমার্গ সেই সৎনীতিবাদী আধ্যাত্মিকতায় প্রতিষ্ঠিত দৃঢ়চেতা মানুষ তৈরী করে চলেছে৷ তিনি ছাত্রসমাজকে প্রকৃত নৈতিক শিক্ষায় শিক্ষিত করার উপর জোর দেন৷ আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত বিবেকানন্দের লক্ষ্য যে আধ্যাত্মিকতায় প্রতিষ্ঠিত আদর্শ সমাজ ঘটনের সেই প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানের অন্যতম আয়োজক বিশ্ব কমল ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষে উজ্জ্বল ঘোষ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে উজ্জিবিত করেন৷