প্রণবকান্তি দাশগুপ্ত
আয় বসন্ত, আয় দুরন্ত,
আয় চৈতালী ঝড়
আয়রে ভীষণ, আয়রে ভয়াল,
আয়রে ভয়ঙ্কর!
আনরে কাঁপন জীর্ণশাখায়,
আনরে মরণ শুষ্ক পাতায়,
আনরে মাতন সবুজ পাতায়---
হানরে অসুন্দর৷
আয় বসন্ত, আয় দুরন্ত,
আয় চৈতালী ঝড়!!
আয় ভাঙনের জয় গান গেয়ে,
আয় মহা তাণ্ডবে,
এক ঘেয়েমির সুর-তাল কেটে
আয় হত গৌরবে৷
আয় ধবংসের ডঙ্কা বাজিয়ে,
আয় সৃষ্টির অর্ঘ্য সাজিয়ে,
নবীন আশার পুলক জাগিয়ে
আয় নতুনের চর!
আয় বসন্ত আয় দুরন্ত
আয় চৈতালী ঝড়!!
- Log in to post comments