সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এবং আয়কর বিভাগের তরফে কর ব্যবস্থার খুঁটিনাটি বোঝাতে বিশেষ বইপ্রকাশ করা হয়েছে৷
আয়কর সম্পর্কে স্কুল পড়ুয়ারদের সচেতন করতে বিশেষ কমিক বইপ্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)৷ আয়কর দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে ওই বইটি তৈরি করা হয়েছে৷ জানা গিয়েছে, ওই বইয়ে এক বিশেষ চরিত্র রয়েছে ‘মধুকর’৷ ১ এপ্রিল থেকে চালু হওয়ার নতুন আয়কর আইন, ২০২৫ সম্পর্কে বোঝাবে ওই মৌমাছি৷
নতুন আইনে ২০২৭ অর্থবর্ষে কর জমা দেবেন সাধারণ করদাতারা৷ ওই আইনে আয়করের হারে কোনও পরিবর্তন না করা হলেও শেয়ারের আগাম লেনদেনের উপর করের হার বৃদ্ধি পেয়েছে৷ সেই সংক্রান্ত বিষয়গুলি কমিক্স-এর মাধ্যমে সংশ্লিষ্ট বইয়ে ব্যাখ্যা করা হয়েছে৷ কী ভাবে কর জমা দিতে হবে, ‘ট্যাক্স ইয়ার’ কী? সেই বিষয়গুলির উল্লেখও থাকছে ওই বইতে৷
বড়দের সঙ্গে ছোটরাও যাতে আয়কর সংক্রান্ত বিষয়ে স্কুলস্তর থেকেই জ্ঞান অর্জনের সুযোগ পায়, সেই কারণেই সংশ্লিষ্ট বইটি প্রকাশ করা হয়েছে৷ পড়ুয়াদের এই বিষয়ে আগ্রহ বৃদ্ধি করতে ইংরেজি এবং হিন্দি ভাষায় এই কমিক বইটি লেখা হয়েছে৷ অনলাইন মাধ্যমে ওই বইটি পড়ার সুযোগ পাবে স্কুলপড়ুয়ারা৷ এর জন্য সিবিএসই কিংবা আয়কর দফতরের ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ ডাউনলোড করে নিতে হবে৷