বছরের প্রথম মাস অগ্রহায়ণ৷ এখন নয়, আগে ছিল৷ বাঙালী হিন্দুর নববর্ষ এখন পয়লা বৈশাখ৷ প্রাচীনকালে হতো অগ্রহায়ণে৷ হায়ণের অর্থ বৎসর৷ অগ্র হচ্ছে প্রথম৷ অর্থাৎ বছরের প্রথম মাস৷ গীতায় অগ্রহায়ণকে বলা হয়েছে মার্গশীর্ষ৷
এককালে এই মার্গশীর্ষ বা অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস৷ মার্গশীর্স নক্ষত্রে পূর্ণচন্দ্রের উদয় হলে সেই পূর্ণিমাকে বলে মার্গশীর্ষী৷ এই মার্গশীর্ষী পূর্ণিমার জন্যেই মাসটির নাম মার্গশীর্ষ৷ অগ্রহায়ণ মাসে সূর্যাস্তের পর এই নক্ষত্রেপূর্ণ চন্দ্রের উদয় হয়৷ অতএব বছরের প্রথম মাস ছিল অগ্রহায়ণ৷
বাংলার একটি ছড়াতে আছে---‘অঘ্রাণেতে বছর শুরু নবান্ন হয় মিঠে/পৌষে আউলি বাউলি ঘরে ঘরে পিঠে৷’ আর কার্ত্তিক ছিল বছরের শেষ মাস৷ তাই আগেকার দিনের বাঙালী মেয়েরা কার্ত্তিক মাসে বাপের বাড়ি যেত না৷ ‘কার্ত্তিক মাস বছরের শেষ, না যেও পিতার দেশ৷’
শক জাতির রাজা ছিলেন শালিবাহন৷ শকাব্দ নামক অব্দ তিনিই প্রবর্তন করেন৷ শ্রীপ্রভাতরঞ্জন সরকার বলেছেন---‘বাংলা বৎসর শালিবাহনের সময় থেকেই চলে আসছিল, অগ্রহায়ণে মার্গশীর্ষে শুরু৷ অগ্রহায়ণ ছিল বৎসরের প্রথম মাস৷ জ্যোতিষিক নাম মার্গ শীর্ষ কিন্তু যেহেতু সেটা প্রথম মাস তাই বাংলায় তাকে বলা হত অগ্রহায়ণ৷ আকবরের সময় পর্যন্ত অগ্রহায়ণই ছিল বাংলা বছরের প্রথম মাস৷ তারপরে ভারতীয় পঞ্জিকার সঙ্গে সামঞ্জস্য রাখবার জন্যে করে দেওয়া হল বৈশাখ মাস৷’’ (বাঙলা ও বাঙালী)
- Log in to post comments