নিরস্ত্র যতীনের মল্ল যুদ্ধে
রয়েল বেঙ্গল কুপোকাত,
শোণিত ধারায় রণ হুঙ্কার
ব্রিটিশ উচ্ছেদের সূত্রপাত!
দেশজোড়া নাম বাঘা যতীন
চেয়েছিল দেশ করতে স্বাধীন,
ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে
তার সশস্ত্র বিপ্লব,
স্বদেশ মুক্তির শুভ সূচনা
অস্ত্র আমদানীর পরিকল্পনা
যুব সমাজের কণ্ঠে ধবনিত
একই কলরব!
জার্মান থেকে অস্ত্র জাহাজ
বুড়িবালামের তীরে,
জানতে পেরে ব্রিটিশ সেনা
এলাকা নিল ঘিরে৷
শুরু হলো তুমুল লড়াই
যে কোনো মূল্যে স্বাধীনতা চাই,
দেশ মুক্তির মহান ব্রতে
যুদ্ধে অবতীর্ণ,
দুঃসাহসিক অভিযানে
শত্রুকে করে বিদীর্ণ!
সহযোদ্ধা যারা ছিল গুটিকয়--
নাই সংশয় মৃত্যুর ভয়,
দেশের স্বার্থে অতন্দ্র প্রহরী
উদ্দীপনায় নাচিছে লহরী
না জানি কখন কি হয়,
মাতৃ-মুক্তির কঠিন শপথে
উদ্বেলিত হৃদয়!
অসম লড়াইয়ে জখম আহত
ঘাত-প্রতিঘাত চলে অবিরত!
জন্মভূমির মুক্তিলক্ষ্যে
লড়াই আমরণ৷
প্রাণবন্ত বঙ্গ-যুবক
হাসপাতালের শয্যায়,
হাসিমুখে তার অকাল প্রয়াণ
স্বাধীনতা মহাদায়!
জন্মভূমির দৈন্য ঘুচাতে
করিল মৃত্যু বরণ!
আজ পুনরায় ভারাক্রান্ত মনে
সবিনয়ে করে স্মরণ৷
- Log in to post comments