২০১৮ সালে বিশ্বকাপ খেলে চমক দিয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষের আইসল্যান্ড৷ সেই রেকর্ড এবার ভেঙে দিল কুরাসাও৷ দেড় লক্ষ জনবসতির এই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটিই এখন বিশ্বকাপে খেলা ক্ষুদ্রতম দেশ৷ মঙ্গলবার জামাইকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করতেই অধরা মাধুরী লাভ হয় তাদের৷ অপরাজিত থেকে কনকাকাফের গ্রুপ-এইচের শীর্ষে রয়েছে কুরাসাও৷ ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট৷
ফিফা র্যাঙ্কিংয়ে ৮২ নম্বরে রয়েছে কুরাসাও৷ তাদের এই ইতিহাস গড়ার পিছনে রয়েছেন কিংবদন্তি ডাচ কোচ ডিক অ্যাডভোকাট৷ অতীতে নেদারল্যান্ডস, বেলজিয়াম, সার্বিয়ার জাতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন তিনি৷ এই অ্যাডভোকাটের তত্ত্বাবধানে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে ছোট্ট দেশটি৷ এদিকে, দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল হাইতি৷ ১৯৭৪ সালে শেষবার তারা মেগা আসরে খেলেছিল৷ মঙ্গলবার নিকারাগুয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে দীর্ঘদিনের খরা কাটাল হাইতি৷ উল্লেখ্য, সম্প্রতি দেশের মধ্যে সংঘর্ষে বিধবস্ত হাইতি৷ নিরাপত্তার কারণে দেশের মাটিতে বাছাই পর্বের ম্যাচ পর্যন্ত খেলতে পারেনি তারা৷ দেড় বছর আগে দায়িত্ব নিলেও অচলাবস্থায় এখনও একবারও হাইতিতে ঢুকতে পারেননি কোচ সেবাস্তিয়েন মিগনে৷