এক সময় ক্রিকেটে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতা জনপ্রিয় ছিল৷ বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলত৷ সেই প্রতিযোগিতা ফেরানোর ভাবনাচিন্তা করেছিল আইসিসি৷ কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরোধিতায় তা বাতিল করতে বাধ্য হয়েছে তারা৷ ফলে ২০৩১ পর্যন্ত আইসিসি-র আয়োজিত প্রতিযোগিতার সূচিতে কোনও বদল হচ্ছে না৷ ২০০৯-২০১৪ পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল৷ আইপিএল, বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ-সহ আরও কিছু দেশের লিগের দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলত৷ এখন ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সংখ্যা আরও বেড়েছে৷ ফলে আরও অনেক দলকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করার ভাবনা ছিল আইসিসি-র৷
আসলে কোনও দেশের ঘরোয়া লিগ থেকেই আইসিসি-র আয় নেই৷ তাই ক্লাব দলগুলিকে নিয়ে নতুন প্রতিযোগিতা আয়োজন করতে চাইছিল তারা৷ অনেকটা ফিফা আয়োজিত ক্লাব বিশ্বকাপের মতো৷ কিন্তু ক্রিকেটবিশ্বের তিন প্রধান দেশই এর বিরোধিতা করেছে৷ তাদের দাবি, এই মুহূর্তে অতিরিক্ত প্রতিযোগিতা খেলার কোনও সময় নেই৷ তাই আইসিসি-কে ভাবনা বাতিল করতে হয়েছে৷
ফলে পরের চার বছরের ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) বিরাট কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বা ম্যাচের সংখ্যা বাড়তে পারে৷ এ ছাড়া দুই ফরম্যাটের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ছাড়া আর কোনও প্রতিযোগিতা আয়োজন করবে না আইসিসি৷