পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দার বড় মোহনপুরে অবস্থিত ভগবতী দেবী শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়ে গেল ৭ম বর্ষ গল্প বলা প্রতিযোগিতা ২৩শে জুন, মঙ্গলবার৷ রেণেশাঁ আর্টিস্টসএণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন, পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে ও ভগবতী দেবী শিক্ষা নিকেতনের পরিচালনায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গল্প বলা প্রতিযোগিতা, বাংলা শব্দের খেলা ও বাংলা - বাঙালী বিষয়ে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল৷ ব্যবস্থাপনায় ছিলেন ভগবতী দেবী প্রাইমারী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ডঃ সিদ্ধার্থ শঙ্কর মিশ্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা গণ৷ উদ্বোধনী সঙ্গীত ’আনন্দ লোকে মঙ্গলালোকে’ পরিবেশিত হয় সমবেতভাবে৷ অতিথি বরণের পর কলেজের অধ্যক্ষ এদিনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন৷ ট্টঙ্ঢ সম্পাদক গল্প ’ভিন্নরুচির্হি লোকাঃ’’র অন্তর্হিত মানে বুঝিয়ে বলেন৷ বিচারক হিসেবে উপস্থিত কাজরী বসু মহাশয়া রাওয়ার এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করে বলেন এখনকার শিশু কিশোরদের গল্প মুখী করতেই হবে৷ যেভাবে মুঠোফোনে আসক্তি বাড়ছে তাতে আগামী প্রজন্মের ক্ষতি হতে বাধ্য৷ গল্প বলা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৪৩জন প্রতিযোগীর মধ্যে সেরা পাঁচ বিবেচিত হয় - শ্রেয়ান প্রধান,ইশরত জাঁহা, সৌমিক জানা, সুফিয়া খাতুন ও শ্রেয়ান চণ্ডী৷ এরপর বাংলা শব্দের খেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৯জন প্রতিযোগী অংশ নেয়৷ সেরা দশ জনকে পুরস্কার দেওয়া হয়৷ বাংলা - বাঙালী বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতায় ৪৪জন অংশগ্রহণ করে৷ সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়৷