দেশের মাটিতে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হারই যেন ‘অঘটন’! সেখানে আবার বাংলাদেশ চার দিনেই বশ মানাল ব্র্যাডম্যানের দেশকে৷ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়ল টাইগার ব্রিগেড৷ ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ৯ উইকেটে জিতল সফরকারী দল৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুঁড়িয়ে দেন হাসান মাহমুদরা৷ জবাবে বাংলাদেশের সংগ্রহ ৪২৬৷ দেওয়াল লিখন তখনই স্পট হয়ে গিয়েছিল৷ দ্বিতীয় ইংনিংসে মরিয়া চেষ্টা চালিয়েও ২৮৪ রানের বেশি তুলতে পারেনি অজিরা৷ জয়ের জন্য নাজমুল হাসান শান্তদের সামনে টার্গেট ছিল মাত্র ৫৭ রানের৷ এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যান তাঁরা৷ ঘরের মাঠে এমন এমন শোচনীয় পরাজয়ে আঁতে ঘা লেগেছে ক্যাঙারু বাহিনীর৷ প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং বলেন, ‘লজ্জাজনক হার৷ এভাবে চলতে পারে না৷ অনেক কিছু পরিবর্তন দরকার৷’ পাশাপাশি এই জয়ের পর ভারতকে (৪৮.১৫ পিসিটি) টপকে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে চার নম্বরে উঠে এল বাংলাদেশ (৬৬.৬৭ পিসিটি)৷
প্রশংসা করতে হবে পেসার হাসান মাহমুদের৷ প্রথম ইনিংসে একাই ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেন তিনি৷ বাউন্সি পিচে বাংলাদেশের ব্যাটাররাও দৃঢ়তার পরিচয় দেন৷ তানজিদ হাসানের (১০১) দুরন্ত শতরান ও ক্যাপ্ঢেন নাজমুলের ৮৪ রানের ইনিংস সফরকারী দলকে চালকের আসনে বসিয়ে দেয়৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে লড়াকু শতরান করেন ক্যামেরন গ্রিন (১০৪)৷ তবুও তিনশোর গণ্ডি টপকাতে পারেনি অজিরা৷ মেহদি হাসান মিরাজ একাই ৫ উইকেট নেন৷ আর চতুর্থ দিনে ৫৭ রানের লক্ষ্য সহজেই অর্জন করে অ্যাওয়ে দল৷ উল্লেখ্য, ২০১৭ সালে ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে বাংলাদেশ হারিয়েছিল অস্ট্রেলিয়াকে৷ এবার কামিন্সদের পাড়ায়ও টেস্ট জয়ের স্বাদ পেল টাইগার-ব্রিগেড৷