Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

দেশের তৈরি ‘স্মার্ট’ ওষুধ কি বিকল্প হতে পারে ক্যান্সার চিকিৎসার!

পি.এন.এ.
Thu, 10-09-2026

ক্যানসারের অনেক রকম ওষুধই আছে৷ তবে সেগুলি কেমোথেরাপি বা রেডিয়োথেরাপির বিকল্প নয়৷ রোগ গোড়ায় ধরা পড়লে ওষুধ দিয়ে ক্যানসারের ছড়িয়ে পড়া আটকানোর চেষ্টা করা হয়৷ তবে গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) এবং ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএএসএসটি)-র গবেষকেরা এমন ওষুধ তৈরির দাবি করেছেন, যা শরীরে ঢুকে কেবল খুঁজে খুঁজে ক্যানসার কোষকেই ধবংস করবে৷ গবেষকদের দাবি, ওষুধটি ঠিক মতো কাজ করলে সেটি কেমোথেরাপির বিকল্প হিসেবেও কাজ লাগানো যাবে৷ এতে ক্যানসার রোগীর যন্ত্রণা অনেক কমে যাবে৷

কী ওষুধ তৈরি হয়েছে? ওষুধটির নাম ‘আরকে-২৫১’৷ যদিও ওষুধটি এখনও গবেষণার স্তরেই আছে, তবে এটি কী ভাবে কাজ করবে, সে বিষয়ে প্রাথমিক ধারণা দিয়েছেন গবেষকেরা৷ ক্যানসার কোষের বিভাজন খুব দ্রুত হয়৷ খুব তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে ছড়িয়ে পড়তে পারে কোষে কোষে৷ গবেষকেরা দেখেছেন, এমন কিছু প্রোটিন শরীরেই থাকে, যারা ক্যানসার কোষের বাড়বৃদ্ধিতে সহায়ক হয়৷ যেমন ‘টিএকে১’ প্রোটিন৷ এই প্রোটিনটিই ক্যানসার কোষগুলিকে বেঁচে থাকতে সাহায্য করে৷ সেই প্রোটিন সুকৌশলে তাদের আড়াল করে রাখে, যাতে ওষুধ ক্যানসার কোষ অবধি পৌঁছোতে না পারে৷ প্রোটিনটি ক্যানসার কোষের চারপাশে শক্তিশালী বর্ম তৈরি করে ফেলে৷ এমনকি এ-ও দেখা গিয়েছে, কেমোথেরাপি বা রেডিয়োথেরাপির সময়ে এই প্রোটিনটি ক্যানসার কোষগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে৷ তাদের বিভাজনেও সাহায্য করে৷ তাই শরীরের কোথাও ক্যানসার কোষের জন্ম হলে তা খুব তাড়াতাড়ি বেড়ে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে৷ এই ছড়িয়ে পড়া প্রতিরোধ করতেই তখন কেমোথেরাপি বা রেডিয়োথেরাপি দিয়ে ক্যানসার কোষগুলিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়৷ এতে সমস্যা হল, কেমোথেরাপি কেবল ক্যানসার কোষকে নষ্ট করে না, আশপাশের সুস্থ কোষগুলিকেও নষ্ট করতে থাকে৷ সুস্থ কোষ ও ক্যানসার কোষের মধ্যে পার্থক্য করার ক্ষমতা কেমোথেরাপির নেই৷ তাই এই চিকিৎসায় যন্ত্রণা বেশি ও দীর্ঘমেয়াদে পার্শপ্রতিক্রিয়া হতে পারে রোগীর৷ এই সমস্যার সমাধানেই আইআইটি গুয়াহাটির গবেষকেরা তৈরি করেছেন ‘আরকে-২৫১’, যা কেবল ক্যানসার কোষ শনাক্ত করে ধবংস করতে পারবে৷

কী ভাবে ক্যানসার কোষ নষ্ট হবে? ‘আরকে-২৫১’ ওষুধটি কাজ করবে বিশেষ উপায়ে৷ এটি শরীরে ঢুকে নিষ্ক্রিয় থাকবে৷ ক্যানসার কোষের সংস্পর্শে এসেই সক্রিয় হয়ে উঠবে৷ প্রথমত, ওষুধটি ক্যানসার কোষের প্রোটিনকে নষ্ট করবে, তার পর ক্যানসাররোধী এক রকম রাসায়নিক তৈরি করবে, যা শরীরে ছড়িয়ে পড়া ক্যানসারের বিষ নষ্ট করতে পারবে৷ এই উপাদানটি হল ‘এনবিডিএইচইএক্স’, যা ওষুধের ভিতরেই পুরে দেওয়া থাকবে৷ সে ক্যানসার কোষের চারপাশে এই উপাদানটি ছড়িয়ে দেবে, যাতে কোষের বাড়বৃদ্ধি বন্ধ হয়ে যায়, সুরক্ষাকবচও ভেঙে যায়৷ অনেকটা বেড়া দেওয়ার মতো৷ তার পর ধীরে ধীরে ক্যানসার আক্রান্ত কোষগুলিকে ধবংস করতে শুরু করবে৷ গবেষকদের আশা, ওষুধটি মানুষের শরীরে ঠিকমতো কাজ করলে ভবিষ্যতে সেটি কেমোথেরাপির বিকল্প হিসেবে কাজ করতে পারে৷

কাদের জন্য ভাল? সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে, কেমোথেরাপিও কাজ করবে না, এমন রোগীর ক্ষেত্রে ওষুধটি কার‌্যকর হতে পারে৷

রোগী অতিরিক্ত শারীরিক দুর্বলতার কারণে কেমোথেরাপির যন্ত্রণা সইতে না পারলে, এই ওষুধটি বিকল্প উপায় হতে পারে৷

ক্যানসার কতদূর ছড়িয়েছে, তা সঠিক ভাবে চিহ্ণিত করা না যায়নি, এমন রোগীকে এই ওষুধ দিয়ে দেখা যেতে পারে৷ গবেষকদের আশা, ওষুধটি ঠিক খুঁজে খুঁজে ক্যানসার কোষ চিহ্ণিত করে তা নষ্ট করে দেবে৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved