ক্রিকেট, হকির পর এবার টেবল টেনিসেও পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখাল ভারত৷ এশিয়ান গেমসে মহিলাদের গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল তারা৷ এই ম্যাচে নজর কাড়লেন দুই বাঙালি কন্যা সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস৷ নিজেদের ম্যাচ জিতলেন তাঁরা৷ তৃতীয় ম্যাচ জিতে ম্যাচের ফয়সালা করলেন শ্রীজা আকুলা৷
গ্রুপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকেও ৩-০ হারিয়েছিল ভারত৷ নিজেদের ম্যাচ জিতেছিলেন শ্রীজা, দিয়া চিতালে ও যশস্বিনী ঘোরপড়ে৷ দ্বিতীয় ম্যাচে অবশ্য অত সহজে জয় আসেনি৷ সেই ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে কষ্ট করে জিতেছিল ভারত৷ পাঁচ রাউন্ডের খেলায় ১-২ পিছিয়ে থাকার পর লড়াই করে এসেছিল জয়৷ সেই ম্যাচেও নামেননি সুতীর্থা ও সিন্ড্রেলা৷ শ্রীজা, দিয়া ও যশস্বিনী দলকে জেতান৷ অর্থাৎ, এবারের এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম বার নামলেন দুই বাঙালি কন্যা৷ প্রথম ম্যাচেই জিতলেন বাংলার আর এক প্রাক্তন তারকা পৌলমী ঘটকের অ্যাকাডেমির দুই ছাত্রী৷