Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

গোরাচাঁদ ও একতারা

আশীষ দত্ত রায়

 চৈত্র মাসের শেষ৷ রাতের শহর বড় রুক্ষ৷ রাস্তায় বাতাস তার গরম আর ধুলোর আস্তরণ৷ মাটিরও যেন শ্বাসকষ্ট হচ্ছে৷ এই ’’বিসম্বাদ’’ রাস্তার এক কোণে গোরাচাঁদ বাউল বসেছিল৷ লালন সাঁইয়ের ভাবের উত্তরাধিকারী বলেই তাকে চিনত তার গ্রামের লোক৷ এখানে এই নগরে, সে এক অনাহূত৷

সম্বল বলতে একটি জীর্ণ একতারা, গর্ভ আর ঢাকনি তার বিবর্ণ৷ তার গায়ে কত ‘‘পথের ধুলা আর মনের সুর’’ জমা৷ কাঁধে একটি রং-জ্বলা গামছা, যেন অকিঞ্চনতার উত্তরীয়৷ চোখে কোনো ভার ছিল না, ছিল এক নির্ভার শূন্যতা, এই বিশ্ব-সংসারকে সে ‘‘গুরুধামের লীলা’’ হিসেবে দেখেছে৷ এই নগর-খাঁচায় এসেছিল কেবল ‘‘প্রাণের টানে’’এই নশ্বর দেহে শ্বাসটুকু ধরে রাখার জন্য৷ কিছু মাধুকরী আর ভাব বিলোনোর আশায়৷

এই ‘‘পাথরের জঙ্গল’’ তো সহজ মানুষের ভিড় নয়৷ মেট্রো স্টেশনের গেটে অবিরাম মানুষ ঢুকছে আর বেরোচ্ছে৷ যেন এক ছায়াছবি৷ তাদের কেউকেউ গৌরহরিকে দেখছিল কেবল ‘‘কৌতূহলের চোখ’’ দিয়ে, তারপর আবার নিজস্ব লক্ষ্যের দিকে ছুট৷ কারো বা হাতে কফির কাপ কিন্তু সুস্থে বসে খাওয়ার সময় নেই, বেশির ভাগের কানে ইয়ারফোনবিচ্ছিন্নতার্ যন্ত্র৷ গোরাচাঁদের কণ্ঠে তখন দেহতত্ত্বের নিগূঢ় সুর: ‘‘মানুষ ভজিলে সোনার মানুষ হবি রে৷’’ এ সুরে ছিল অন্তরের আহ্বান, কিন্তু মানুষের কান ছিল বাইরের কোলাহলে মগ্ণ৷ আর গোরাচাঁদের সুরটা ছিল বাতাসে ক্ষীণ৷ বিভিন্ন গাড়ির সমবেত হর্নের ‘‘বধির করা চিৎকারে’’ তা তলিয়ে যাচ্ছিল৷

পরের দিনের বিকেল৷ এক ‘‘উদাসীন আলো’’ পার্কের গাছ গুলিতে, মাটিতে আর রেলিঙে এসে পড়ছে৷ এক টুকরো শুকনো পাউরুটি আর জল খেয়ে গোরাচাঁদ ’’শ্যাওলা-ধরা বেঞ্চে’’ বসেছিল৷ পাশের গাছের ডালে পাখিরা ফিরছে যেন ’’আপন ডেরায় ফেরা মুক্ত জীবাত্মা’’৷ গোরাচাঁদের মনে পড়ল তার গ্রাম৷ শরতে কাশবনের হাওয়া৷ গ্রীষ্মে নদীর ঘাটে ছেলেদের দাপাদাপি৷ বৎসর জুড়ে শিমুল-ছায়ায় বসে তার গান ছিল প্রকৃতিরই প্রতিধবনি৷ আর আজ, সেই ’’আবেগের সুর’’ও যেন শহরের বিষাক্ত ধোঁয়ায় মরচে ধরেছে৷

সেদিনের গভীর রাত৷ ফুটপাথের ধারে এক চায়ের দোকানে জ্বলছিল আগুন৷ গোরাচাঁদের দেখে লাগছিল ওটাই যেন ‘‘জীবনের শেষ আশ্রয়’’৷ গোরাচাঁদ ‘‘নিঃশব্দ পায়ে’’ দোকানে গিয়ে দাঁড়াল৷

দোকানদার জিজ্ঞেস করল, ‘‘বাবা, কিছু খাবে?’’

সে মাথা নাড়ল৷ উত্তর ছিল তার বৈরাগ্যের ভাষা: ‘‘তুমি নিজের কাজ করো, আমি নেব শুধু তোমার লড়াইয়ের উষ্ণতাটুকু৷’’

সেই রাতে সে আর কোনো স্বরলিপি ধরল না৷ একতারাকে কোলে নিল যেন ‘‘হারিয়ে যাওয়া সন্তান’’৷ চোখ বুজল, খুঁজছিল ’’মনের মানুষ’’কে৷ হয়তো খুঁজছিল সেই ’’খোলা আকাশ’’, যেখানে তার গান ঘুঙুরের মতো বেজে উঠত৷

পরদিন সকালে, শহর ‘কর্ম-সাগরে’ জেগে ওঠার আগেই, গোরাচাঁদ ‘অজ্ঞাতের পথে’ পাড়ি জমাল৷ কেউ জানল না সে কোথায় মিশে গেল৷ সে ছিল রাঢ় মাটির দেশের মানুষ, সে কি আবার তার মা টির কাছেই ফিরে গেল? শুধু সেই মেট্রো স্টেশনের ধারে পড়ে রইল তার সঙ্গীহীন একতারা৷ তারটি ছিল ছিন্ন, যেন প্রতীকী জীবনের সম্পর্ক-ছেদ৷ বিজপট্ট খুলে বেরিয়ে গেছে, একতারার বাকি অংশগুলিতে তখনও লেগে ছিল তার ফকিরি জীবনের ধুলো আর না বলা যন্ত্রণার শুকনো অশ্রুর দাগ৷ লোকেরা সেদিনও ছুটছিল৷ এই ‘নশ্বরতা’ তাদের দৃষ্টি এড়িয়ে গেল৷

শুধু গরম আর শুকনো বাতাসের গভীরে তখনও যেন ভেসে বেড়াচ্ছিল সেই চিরন্তন ভাব, এক ক্ষীণ আত্মার স্বর৷ আজও শহরের অলস মধ্যরাতে, যখন কিছু আলো নিভে যায়, তখন এক মায়াবী আলো নেবে আসে আকাশ থেকে, কোথা থেকে যেন শোনা যায় সেই ভাব, ভাষা, সুর ও ছন্দে মেশা অলিক জীবনের ডাক৷ সে এক ও অদ্বিতীয় চৈতন্যলোকের আহ্বান, যে ডাক মৃদু গলায় জানায়: জীবন কেবলই দৌড়ানো নয়, জীবন হলো নিজেদের ভেতরের মানুষটিকে খুঁজে নেওয়া৷ আর সেই খোঁজই হলো বাউলের পথ৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved