Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

হিংসার পরিণাম

দাদা ঠাকুর

ছোট ভাইবোনেরা, অপরের ক্ষতি করার ইচ্ছাকে বলে হিংসা৷ কথা ও কাজের দ্বারা কাউকে কষ্ট দিলে বা কষ্ট দেবার কথা ভাবলে তাকে হিংসা বলে৷ আর কথা ও কাজের দ্বারা কাউকে কষ্ট না দিলে বা কষ্ট দেবার কথা না ভাবলে তাকে বলে অহিংসা৷ শাস্ত্রে বলে অহিংসা পরমধর্ম ও হিংসা মহাপাপ৷ কেননা হিংসার পরিণাম খুবই খারাপ৷ এজন্যেই হিংসা ত্যাগ করতে বলা হয়েছে৷ তোমরা কাউকে হিংসা করবে না৷ হিংসার পরিণাম নিয়ে একটা গল্প শোন৷ 

ভারন্ত নামে একটি অদ্ভুত ধরনের পাখি ছিল৷ তার দেহের বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গ অন্যান্য পাখির মত৷ কিন্তু তার দুটি মুখ ছিল৷ দুটি মুখেই সে খাবার গ্রহণ করতে পারত৷ সে খাবার কিন্তু যেত একই পেটে৷ ফলও হত একই৷ যে কোন মুখে পুষ্টিকর খাবার খেলে শরীর পুষ্ট হত৷ আবার খারাপ কিছু খেলে খারাপ ফল হত৷ অসুখ করত৷ 

এই ভারন্ত পাখিটি নদীর ধারে বাস করত৷ নদীতে যে সব ফল ভেসে আসে তা খেয়েই ভারন্ত পাখিটি জীবন ধারণ করত৷ একদিন ভারন্ত পাখিটি দেখল সুন্দর একটি ফল ভেসে এসেছে৷ ফলটি ছিল অমৃত ফল৷ দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু৷ ভারন্ত পাখির খুব লোভ হল৷ একটি মুখ ফলটি খেতে শুরু করল৷ খেতে খেতে সে অন্য মুখকে বলল, জীবনে নদীতে ভেসে আসা অনেক ফলই খেয়েছি৷ কিন্তু এমন ফল কোন দিনই খাইনি৷ এই কথা শুনে দ্বিতীয় মুখ বলল, অমৃত ফল নাকি তা হলে আমাকে একটু দাও, খেয়ে তৃপ্ত হই৷ 

প্রথম মুখ হেসে বলল, তার দরকার কি আমাদের তো একটিই পেট৷ তুমিই খাও আর আমিই খাই সে তো এক পেটেই যাবে৷ একই খাবার ভিন্ন মুখে গ্রহণ করার কি দরকার৷ তার চেয়ে বরং এর কিছুটা স্ত্রীকে দেওয়া যাক৷ এই বলে প্রথম মুখ ফলটির কিছুটা অংশ স্ত্রীকে দিল৷ স্ত্রীও ফলটি খেয়ে খুব প্রশংসা করতে লাগল৷ 

ফল না খেতে পেয়ে দ্বিতীয় মুখ দারুণ রেগে গেল৷ প্রথম মুখের এ আচরণ সে ভুলতে পারল না৷ তার হিংসা হল৷ ঠিক করল, প্রথম মুখকে সে জব্দ করবেই৷ সে সুযোগ খুঁজতে লাগল৷ 

কিছুদিন পর দ্বিতীয় মুখ নদীর ধারে একটি বিষফল পেল৷ প্রথম মুখকে সে ডেকে বলল, ওরে নিষ্ঠুর, তুইতো সেদিন অমৃত ফলের অংশ আমাকে দিসনি৷ আমিও আজ যে বিষফল পেয়েছি এটি খেয়ে অপমানের প্রতিশোধ নে৷ 

বিষফলের কথা শুনে প্রথম মুখ আঁতকে উঠল৷ সে দ্বিতীয় মুখকে বলল, ‘‘একাজ করিস নে৷ এ ফল খেলে আমরা দুজনেই মরে যাব৷’’ 

দ্বিতীয় মুখ কোন কথা শুনতে রাজি নয়৷ অপমানের প্রতিশোধ সে নেবেই৷ বিষফলটি সে খেয়ে ফেলল৷ তারপর বিষের প্রতিক্রিয়ায় দুজনেই মরে গেল৷ 

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved