বিশ্বের সর্র্বেচ্চ মোটরবাইক চলাচলের উপযোগী বলে পরিচিত গিরিপথ উমলিঙ লা৷ তা জয় করে ইন্ডিয়ান বুক রেকর্ডসে জায়গা করে নিলেন বাঁকুড়ার দুই কন্যা৷ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সুনীতা বাগদী এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা মুন্না পাল অন্য দুই সহযাত্রীর সঙ্গে এই গিরিপথ দখল করেন গত ১৬ অক্টোবর৷
চলতি বছরের ৩ অক্টোবর বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির সদস্য তথা বাঁকুড়া শহরের বাসিন্দা সুনীতা ও মুন্না অন্য দুই সহযাত্রী শেখ আলিমুদ্দিন (ব্যবসায়ী) ও সুকান্ত পাল(শিক্ষক)কে সঙ্গে নিয়ে আলাদা আলাদা করে বাইকে রওনা দেন উমলিঙ লা গিরিপথের উদ্দেশে৷ শ্রীনগর, কার্গিল ও লে হয়ে গত ১৬ অক্টোবর প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাইক চালিয়ে চার জনে পৌঁছে যান লাদাখের ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় থাকা পৃথিবীর সর্র্বেচ্চ মোটরবাইক চলাচলের উপযুক্ত গিরিপথে৷ পথে সিয়াচেনের বেস ক্যাম্পও ছুঁয়ে যান তাঁরা৷ ১৪ দিনের দীর্ঘ বাইক যাত্রা শেষে গত ২৫ অক্টোবর ওই চার অভিযাত্রী সুস্থ শরীরে ফিরে আসেন বাঁকুড়ায়৷ যুগ্ম ভাবে প্রথম বাঙালি মহিলা অভিযাত্রী দু’চাকায় এই সাফল্য অর্জন করেছে জানতে পেরে এলাকার বাসিন্দারা খুশি হন৷ বাঁকুড়ার ওই দুই মহিলাকে এই সাফল্যের জন্য স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস৷ অতি সম্প্রতি তাঁদের কাছে এসে পৌঁছোয় স্বীকৃতিপত্র৷ এতে উচ্ছসিত দুই মহিলা ও তাঁদের পরিবার৷
সুনীতা বলেন, ‘‘এর আগে ২০১৯ সালে পাহাড়ে ট্রেকিং করেছি৷ কিন্তু অনেকদিনের ইচ্ছা ছিল বাইক চালিয়ে লাদাখে যাব৷ সেই সুযোগ আসতেই বাইক কিনে অভিযানে বেরিয়ে পড়ি৷ অভিযানের শুরুতে একটু ভয় করছিল৷ পরবর্তীকালে ভয়ের থেকে ইচ্ছা অনেক বেশি গুরুত্ব পেয়েছিল৷ দলের অন্যেরা প্রতি মূহুর্তে সাহস জুগিয়ে গিয়েছিলেন৷ শেষ পর্যন্ত আমাদের অভিযান সফল হয়েছে৷ কোনও দিন ভাবিনি এই কাজের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস স্বীকৃতি দেবে৷ সেই স্বীকৃতির আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন৷ সুযোগ পেলে ভবিষ্যতেও আবার এই ধরনের অভিযানে বেরিয়ে পড়ব৷’’