সাধু ৰাংলার ‘কারাগার’, হিন্দুস্তানী ‘ফাটক’, --- সব শব্দকে সরিয়ে দিয়ে আজ ইংরেজী ‘জেল’ শব্দটি ব্যাপকভাবে চলছে৷ ‘জেল’-এর পুরনো ইংরেজী ৰানান Gaol ও আধুনিক ইংরেজী বানান Jail দুই ৰানানই চলছে৷ ‘জেল’ শব্দটি ইংরেজী হলেও ‘খানা’ শব্দটি ফার্সী৷ তাই ‘জেলখানা’ শব্দের অর্দ্ধেক ভাগ ইংরেজী, অর্দ্ধেক ভাগ ফার্সী৷
সাহেৰেরা কলকাতায় গোড়ার দিকে যে চিড়িয়াখানা (পশুশালা) করেছিলেন স্থানীয় লোকে তার নাম দিয়েছিল হরিণবাড়ী (Deer park)৷ পরে সাহেবরা পশুশালাটিকে কলকাতা থেকে ব্যারাকপুরে স্থানান্তরিত করেন৷ পশুশালার জায়গাটিতে করে দেন জেলখানা৷ লোকে কিন্তু পুরনো ‘হরিণবাড়ী’ শব্দটি ব্যবহার করে যেতে থাকল ও তার ফলে জেলখানার নোতুন ৰাংলা নামকরণ হয়ে যায় হরিণবাড়ী৷ রবীন্দ্রনাথের একটি কবিতায় (গান্ধী মহারাজ্যের শিষ্য কেউ বা ধনী কেউ বা নিঃস্ব) জেলখানা অর্থে এই ‘হরিণবাড়ী’ শব্দটি ব্যবহার করা হয়েছে৷ (শ্রীপ্রভাতরঞ্জন সরকারের লঘুনিরক্ত থেকে সংগৃহীত)