সারা জীবন কর্নাটকের মাণ্ড্যের পথে বসে ভিক্ষা করেছেন৷ সেই বৃদ্ধার মৃত্যুর পরে তাঁর ভাড়া ঘর থেকে উদ্ধার হল নগদ লক্ষ লক্ষ টাকা৷ ৩০টি বস্তার মধ্যে রাখা ছিল সেই ১০, ২০, ৫০ টাকার নোট ও মুদ্রা৷
৬৮ বছরের হুর উন্নিসা বোনের সঙ্গে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি৷ দুই বোনেই পথে পথে ভিক্ষা করতেন৷ কারও বিয়ে হয়নি৷ দু’বছর আগে হুরের বোনের মৃত্যু হয়৷ তার পর থেকে একাই ওই ভাড়া ঘরে থাকতেন হুর৷ রবিবার সেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয়৷ স্থানীয়েরা জানিয়েছেন, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন৷ তার জেরে মৃত্যু হয়েছে৷
গত রবিবার হুরের মৃত্যুর পরে তাঁর ঘরে গিয়েছিলেন প্রতিবেশীরা৷ তাঁরা দেখেন, সেখানে অন্তত ৩০টি বস্তা পড়ে রয়েছে৷ সেগুলি খুলতেই বেরিয়ে আসে গুচ্ছ গুচ্ছ নোট আর শয়ে শয়ে মুদ্রা৷ গুনে দেখা যায় তার মূল্য প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা৷ সেই টাকা হুরের দুই ভাইয়ের হাতে তুলে দিয়েছেন স্থানীয়েরা৷ এক ভাইকে ছয় লক্ষ টাকা, অন্য ভাইকে ২ লক্ষ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে৷ দ্বিতীয় ভাই ওই টাকা একটি মসজিদে দান করেছেন৷