স্বপ্ণপূরণের পথে হঠাৎ ধাক্কা খেলেন রমেশবাবু বৈশালী৷ ক্যান্ডিডেটস দাবায় শীর্ষস্থান হারালেন তিনি৷ দ্বাদশ রাউন্ডে চিনের ঝু জিনেরের কাছে হারলেন ভারতীয় দাবাড়ু৷ চাপ বাড়ল তাঁর উপর৷ এই মুহূর্তে বৈশালীকে টপকে শীর্ষে জিনের৷ বাকি রয়েছে আর দু’টি রাউন্ড৷ এই প্রতিযোগিতা জিতলে মহিলাদের বিশ্বচ্যাম্পিয়ন চিনের জু ওয়েনজুনকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন বৈশালী৷ ২০১৮ সাল থেকে মহিলাদের দাবার বিশ্বচ্যাম্পিয়ন ওয়েনজুন৷ গত তিন বারের ক্যান্ডিডেটস চ্যাম্পিয়ন তাঁকে হারাতে পারেননি৷
সাইপ্রাসে আয়োজিত ক্যান্ডিডেটসে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ হেরেছেন বৈশালী৷ দু’টিই জিনেরের কাছে৷ পঞ্চম রাউন্ডে হেরেছিলেন৷ এ বার হারলেন দ্বাদশ রাউন্ডে৷ সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন বৈশালী৷ কিন্তু শুরুতেই কারো-কান ডিফেন্সে চলে যান প্রজ্ঞানন্দের দিদি৷ সেই সুযোগ কাজে লাগান জিনের৷ তিনি আক্রমণাত্মক চাল দিতে থাকেন৷ ৬ ঘণ্টার লড়াইয়ে হার মানেন বৈশালী৷
দশম ও ১৩তম চালে প্রায় ৫০ মিনিট সময় নেন বৈশালী৷ ফলে ১৬তম চালের সময় তাঁর হাতে আর মাত্র ১৭ মিনিট ৫৯ সেকেন্ড সময় ছিল৷ সেখানে জিনেরের হাতে ছিল প্রায় ১ ঘণ্টা৷ ক্লাসিক্যাল দাবার নিয়ম অনুযায়ী প্রাথমিক ৪০ চালের মধ্যে শেষ ২৩টি চালের জন্য বৈশালীর কাছে ১৪ মিনিটেরও কম সময় ছিল৷ সেই চাপ আর সামলাতে পারেননি ভারতীয় দাবাড়ু৷ হার মানেন তিনি৷
১২ রাউন্ডের পর জিনের ও বৈশালী দু’জনেরই পয়েন্ট ৭৷ কিন্তু রেটিং বেশি থাকায় জিনের শীর্ষে রয়েছেন৷ দু’জনের কাছেই দু’টি করে রাউন্ড বাকি৷ টান ঝংজি ও ক্যাটেরিনা লাগনোর বিরুদ্ধে৷ প্রথম লড়াইয়ে দু’জনকেই হারিয়েছেন তিনি৷ ফলে আত্মবিশ্বাস থাকবে বৈশালীর৷ অন্য দিকে জিনেরের শেষ দুই ম্যাচ অ্যানা মুজিচুক ও আলেকজান্দ্রা গোরিয়াচকিনার বিরুদ্ধে৷ মুজিচুকের বিরুদ্ধে আগের রাউন্ডে তিনি হেরেছেন৷ গোরিয়াচকিনার বিরুদ্ধে ড্র করেছেন৷ ফলে জিনেরের সামনেও কঠিন লড়াই৷
২০২৫ সালের দাবা বিশ্বকাপ জিতে ক্যান্ডিডেটসে সুযোগ পাওয়া দিব্যা দেশমুখের খারাপ সময় চলছে৷ ঝংজির কাছে হেরেছেন তিনি৷ এই প্রথম কোনও ম্যাচ জিতেছেন ঝংজি৷ পয়েন্ট তালিকায় সকলের শেষে ভারতীয় দাবাড়ু দিব্যা৷ ওপেন ক্যান্ডিডেটসে ভারতের একমাত্র প্রতিযোগী প্রজ্ঞানন্দও একেবারে শেষে রয়েছেন৷ আন্দ্রে এসিপেঙ্কোর বিরুদ্ধে ড্র করেছেন তিনি৷ প্রজ্ঞানন্দ ও দিব্যা, দু’জনেই ক্যান্ডিডেটস জেতার লড়াই থেকে বেরিয়ে গিয়েছেন৷ ভারতের একমাত্র ভরসা বৈশালী৷