দ্রুত গতির রোবট বানাল চিনা সংস্থা ‘ইউনিট্রি রোবোটিক্স’৷ একটি নতুন যন্ত্রমানব বানিয়ে তারা দাবি করেছে, অধিকাংশ মানুষের চেয়েও অনেক উন্নত শারীরিক নৈপুণ্য প্রদর্শনে সক্ষম সেটি৷ এই চিনা সংস্থার তৈরি যন্ত্রটি মাটিতে দাঁড়িয়ে ২ মিটার উল্লম্ব লাফ দিতে পারে৷ প্রতি সেকেন্ডে সর্র্বেচ্চ ১২.৬৬ মিটার গতিও রয়েছে তার৷ হিসাব কষলে যন্ত্রমানবের গতিবেগ দাঁড়ায় প্রায় ৪৫.৬ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা ২০০৯ সালে ১০০ মিটার বিশ্বরেকর্ড গড়া দৌড়ে উসেইন বোল্টের সর্র্বেচ্চ গতির (প্রতি সেকেন্ডে প্রায় ১২.৪২ মিটার) চেয়েও বেশি৷ রোবটটির স্থির অবস্থা থেকে লাফ দেওয়ার ক্ষমতাও মানুষের প্রায় ১.৮ মিটারের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷
আকর্ষণের বিষয়টি হল রোবটটির পা তুলনামূলক ভাবে ছোট৷ তার দৈর্ঘ্য মাত্র ০.৮৫ মিটার৷ সংস্থাটি জানিয়েছে, ‘সুপারম্যান’ নামে পরিচিত এই ‘হিউম্যানয়েড রোবট’টি তিন মাসের কিছু বেশি সময়ে তৈরি করা হয়েছে এবং এর উন্নতির এখনও অনেক সুযোগ রয়েছে৷ রোবটটি বাতাসে লাফিয়ে প্রায় ২ মিটার উচ্চতায় পৌঁছে তার পর স্থির ভাবে নিজের পায়ে অবতরণ করছে৷ দ্রুতগামী হিউম্যানয়েড রোবট তৈরির জন্য ইউনিট্রি ইতিমধ্যেই শিরোনামে৷ এপ্রিলে, তাদের ‘এইচ১ হিউম্যানয়েড রোবট’টি প্রতি সেকেন্ডে ১০ মিটার গতিতে দৌড়োনোর ক্ষমতায় পৌঁছেছিল বলে জানা গিয়েছে, যা সংস্থার আগের যন্ত্রগুলির জন্য একটি নতুন মানদণ্ড তৈরি করেছে৷
চিনা সংস্থাটি এখন শুধু হিউম্যানয়েড রোবটকে আরও দ্রুত করার দিকেই মনোযোগ দিচ্ছে না৷ বরং তাদের ক্ষিপ্রতা, ভারসাম্য এবং বিস্ফোরক গতিবিধি উন্নত করার দিকেও নজর দিচ্ছে৷ তবে, এই দক্ষতা সংস্থার নিজস্ব প্রদর্শনীর উপর ভিত্তি করে তৈরি এবং এগুলি স্বাধীন ভাবে অন্যত্র যাচাই করা হয়নি৷ একটি নিয়ন্ত্রিত পরীক্ষার পরিস্থিতির বাইরে রোবটটি এই ধরনের গতি বা লাফ বজায় রাখতে পারবে কি না, সেই তথ্যও অজানা৷ বাণিজ্যিক রোবোটিক্স জগতে প্রবেশের পর তারা তাদের এই নতুন ‘সুপারম্যান’ রোবটের ঘোষণা করেছে৷ চিনের হ্যাং ঝৌ প্রদেশের এই সংস্থার দাবি, তারা এমন সব যন্ত্রমানব তৈরি করছে, যা হার্ডয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সঙ্গে সঙ্গে আরও দ্রুত, আরও সক্ষম এবং সম্ভবত আরও সস্তা হবে৷