রেল স্টেশনের জলে থিকথিক করছে ব্যাক্টেরিয়া৷ কন্টোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-এর রিপোর্টের পরে চিন্তা বেড়েছে৷ স্টেশনের জল অনেক যাত্রীই খান৷ অনেকে বোতলে ভরেও নেন৷ সেই জলে যদি ই কোলাই ব্যাক্টেরিয়া থাকে, তা হলে শরীরের জন্য কতটা ক্ষতিকর হবে? অশোধিত সেই জল পেটে গেলে কী বিপদ ঘটতে পারে? দেশের বিভিন্ন জায়গার রেল স্টেশনগুলিতে পানীয় জলের মান পরীক্ষা করে দেখা গিয়েছে অন্তত আটটি রেল স্টেশনের জল শীতল করার ওয়াটার কুলার যন্ত্রের মধ্যেই রয়েছে ই কোলাই ব্যাক্টেরিয়া৷ চিকিৎসকেরা বলছেন, এই ব্যাক্টেরিয়া ক্ষতিকর তো বটেই, প্রশ্ণ উঠছে এমন জলের উৎস কী? জল পরিশোধনের ব্যবস্থা নিয়েও প্রশ্ণ উঠেছে৷ পানীয় জলে ই কোলাই কতটা বিপজ্জনক?--- কোলাই মানুষের অন্ত্রে জন্মায়৷ সেখানে এই ব্যাক্টেরিয়াটি ক্ষতি করে না৷ তবে ই কোলাইয়ের এমন কিছু প্রজাতি আছে যেগুলি পেটে গেলে বিষক্রিয়ার কারণ হতে পারে৷ যেহেতু এই ব্যাক্টেরিয়াটি মানুষের অন্ত্রে থাকে, তাই ধরেই নেওয়া যায় যে জলে ব্যাক্টেরিয়া রয়েছে সেটি কোনও ভাবে মানুষের মলমূত্রের সংস্পর্শে এসেছে বা অপরিষ্কার পাইপলাইন দিয়ে এসেছে৷ তা ছাড়া সে জল পরিশোধিতও নয়৷ ফলে এমন জল যদি কেউ পান করেন, তা হলে সঙ্গে সঙ্গেই বিষক্রিয়া হতে পারে৷ পরবর্তীতে ব্যাক্টেরিয়ার টক্সিন থেকে লিভার ও পাকস্থলীর মারাত্মক ক্ষতি হতে পারে৷ লিভারের জটিল রোগ হওয়ার ঝুঁকিও থাকতে পারে৷ চিকিৎসকেরা বলছেন, যে জলে ই কোলাই ব্যাক্টেরিয়া পাওয়া গিয়েছে সেই জলে সালমোনেল্লা, ক্যাম্পাইলোব্যাক্টর বা হেপাটাইটিস এ-র মতো জীবাণুও জন্মাতে পারে৷ ফলে সেই জল পান করলে টাইফয়েড, কলেরা, জন্ডিস হওয়ার আশঙ্কা থাকবে৷ অশোধিত এমন পানীয় জল থেকে হেমারেজিক কোলাইটিস হওয়ার ঝুঁকিও থেকে যেতে পারে৷ এ ক্ষেত্রে পেটে ভয়ানক যন্ত্রণা হবে, বমি, ডায়ারিয়া ও রক্ত আমাশয় হতে পারে৷ ব্যাক্টেরিয়ার টক্সিন কিডনির ক্ষতি করতে পারে৷ এর থেকে মূত্রনালির সংক্রমণ বা ‘হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম’ হওয়ার ঝুঁকিও বাড়ে৷ এই রোগে কিডনিতে মারাত্মক সংক্রমণ হয় যা প্রাণঘাতীও হতে পারে৷