ভক্তঃ বলি ও দুলালী, শ্যামদুলালী,
শুধাই একটি কথা---
কে তোমারে জনম দিল,
দিল অমরতা?
রাধা ঃ নই আমি নই মাতৃগর্ভ-জাত,
ভক্ত কবির মানস-লোকে
আমি যে প্রতিভাত৷
নই আমি নই কাহারো ভার্যা,
নই কাহারো কন্যা,
আমি কৃষ্ণেন্দ্রিয় প্রীতি-ইচ্ছা
কৃষ্ণ প্রেম-ধন্যা৷
আমি রাসযাত্রার রস তরঙ্গে
কৃষ্ণ-কন্ঠ লগ্ণ,
আমি ভুবন-ভোলানো মোহন বাঁশীর
সুর-সুধাপাণে মগ্ণ৷
আমি হা কৃষ্ণ হা কুষ্ণ
হা কৃষ্ণের হাহাকার,
আমি তীব্র আকুতি আকুল ব্যাকুল
কৃষ্ণ-মিলনে অভিসার৷
আমারে পাবে না মাটির পৃথিবীতে
জনম আমার কবি মানসের
কৃষ্ণ-ভক্তি গীতে৷
লীলায়িত আমি কৃষ্ণের জীবনীতে,
বিরহবেদনা মিলন মধুর৷
বৈষ্ণব পদাবলীতে৷
ইতিহাস বা কোষ্ঠী ঠিকুজি---
কোথা ও পাবে না আমারে খুঁজি,
জ্ঞানীর মানস, যোগীর হৃদয়---
কদাপি নয়, কদাপি নয়৷
এই কথাটা জেনে রাখো শুধু-
ভক্তের অন্তর
আমার আঁতুর ঘর৷
- Log in to post comments