বিপুল খনিজ, বনজ ও শিল্প সম্পদে সমৃদ্ধ রাঢ় বাঙলা আজ চরম বঞ্চনা, শোষণ ও অবহেলার প্রতীকে পরিণত হয়েছে৷ এই অঞ্চলের বিপুল সম্পদ লুটে নিচ্ছে বহিরাগত হিন্দী সাম্রাজ্যবাদী অবাঙালী শক্তি, আর সেই সম্পদের উপর দাঁড়িয়েই গড়ে উঠছে তাদের প্রভাব ও প্রভুত্ব৷ কলকারখানা থেকে ব্যবসা-বাণিজ্য, চাকরী থেকে ফুটপাতজীবিকার প্রতিটি ক্ষেত্রেই পরিকল্পিতভাবে স্থানীয় বাঙালীদের বঞ্চিত করে বহিরাগত অবাঙালীদের দখলদারিত্ব কায়েম করা হচ্ছে৷ একইসঙ্গে হিন্দী চাপিয়ে দিয়ে বাংলা ভাষা, বিশেষ করে রাঢ়ের নিজস্ব রাঢ়ী বাংলাকে সাংস্কৃতিকভাবে দমিয়ে রাখার এক সুপরিকল্পিত চক্রান্ত চলছে৷
রাঢ়বাঙলার মানুষের অন্যতম প্রধান খাদ্য ‘পোস্ত’৷ অথচ চরম বৈপরীত্য! রাঢ় সহ সমগ্র বাঙলায় পোস্ত চাষের আইনি অধিকার নেই৷ সেই অধিকার ভোগ করছে ভিনরাজ্য, আর আকাশছোঁয়া দামের বোঝা চাপিয়ে রাঢ় বাঙলার সাধারণ মানুষকে নিজেদের খাদ্য থেকেই বঞ্চিত করা হচ্ছে৷ একইভাবে ভারতীয় সেনাবাহিনীতে বহু জাতিভিত্তিক রেজিমেন্ট থাকলেও আজও ‘বাঙালী রেজিমেন্ট’ পুনর্গঠনের প্রশ্ণে কেন্দ্র ও রাজ্যের কোনো শাসক বা তথাকথিত বিরোধী রাজনৈতিক শক্তি কার্যকর পদক্ষেপ নেয়নি৷ অতীত থেকে বর্তমান সব সরকারই বাঙলার মানুষকে কেবল প্রতিশ্রুতি দিয়েছে, অধিকার দেয়নি৷
এই দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বাঙালী জাতির ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে এবং সেই কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দিতে আগামী বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে ‘আমরা বাঙালী’ প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে৷ পুরুলিয়া জেলায়ও পাঁচটি বিধানসভা আসনে প্রার্থী দিয়ে লড়াইয়ে নামবে দল৷
আজ ১০ মার্চ ২০২৬, পুরুলিয়া শহরের রাঢ় ভবনে অনুষ্ঠিত ‘আমরা বাঙালী’র পুরুলিয়া জেলা কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস এই সিদ্ধান্ত ঘোষণা করেন৷ তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘রাঢ় বাঙলার সম্পদ রাঢ়ী বাঙালীদের৷ বহিরাগত হিন্দী সাম্রাজ্যবাদী লুট, হিন্দী আগ্রাসন ও রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে এবার বাঙালী জাতি ঐক্যবদ্ধ লড়াইয়ে নামবে৷ বাংলা-বাঙালীর অধিকার আর ছিনিয়ে নিতে দেওয়া হবে না৷ এই লড়াই এবার বিধানসভা পর্যন্ত পৌঁছবেই৷’’ এছাড়াও উপস্থিত ছিলেন রাঢ় সাংগঠনিক সচিব সুধীর মাহাত, পুরুলিয়া জেলা সচিব লক্ষ্মীকান্ত মাহাত, ঝালদা জেলা সচিব পশুপতি মাহাত, ঠাকুরদাস কিস্কু, শক্তিপদ গরাঞ প্রমুখ নেতৃবৃন্দ৷
- Log in to post comments