পরপর আটটি বলে ছক্কা হাঁকিয়ে রনজি ট্রফিতে রেকর্ড গড়লেন মেঘালয়ের ক্রিকেটার আকাশ কুমার চৌধুরি৷ পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের নজিরও গড়লেন তিনি হাফ-সেঞ্চুরি করতে আকাশ নিয়েছেন মাত্র ১১ বল৷ সেই সঙ্গে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ম্যাচে ছয় বলে ছ’টি ছক্কার কীর্তি এখন তাঁরই দখলে৷ এর আগে ছয় বলে ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল স্যার গারফিল্ড সোবার্স ও রবি শাস্ত্রীর দখলে৷ উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ছয় বলে ছয় ছক্কার কৃতিত্ব রয়েছে হার্শেল গিবস, যুবরাজ সিং, কিয়েরন পোলার্ড, জসকরন মালহোত্রার৷
সুরাতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে আট নম্বরে নেমে বিধবংসী ইনিংস আকাশের৷ লিমার একটি ওভারে সব বলেই ছক্কা মারেন তিনি৷ পরের ওভারে দু’টি বলেও মারেন ছক্কা৷ ফলে অর্ধশতরান পূরণ করেন মাত্র ১১ বলে৷ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬২৮ রান তুলে ডিক্লেয়ার করে মেঘালয়৷ দ্বিশতরান অর্পিত ভাটেওয়াডার (২০৪)৷ শতরান পান কিষান লিংডো (১১৯) ও রাহুল দালাল (১৮৮)৷