এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ ভারতের কমেছে৷ বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত৷ শুধু হার নয়, ৭৬ রানে লজ্জার হার হয়েছে সূর্যদের৷ এই হারের ফলে সরাসরি সেমিফাইনালে ওঠার সুযোগ কমেছে ভারতের৷ গ্রুপের বাকি দুই ম্যাচ জিতলেও অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে৷
রবিবারের ম্যাচের পর ‘এক্স’ গ্রুপে সকলের উপরে দক্ষিণ আফ্রিকা৷ তাদের পয়েন্ট ২৷ নেট রানরেট ৩.৮০০৷ ভারত সকলের নীচে৷ তাদের নেট রানরেট ৩.৮০০৷ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে এখনও সুপার এইটে কোনও ম্যাচ খেলেনি৷
ভারতের বাকি দুই ম্যাচ রয়েছে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ গত ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ের মাঠে জিম্বাবোয়ে ও ১ মার্চ ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবেন ভারত৷ এই দুই ম্যাচ ভারত জিতলে তাদের পয়েন্ট হবে ৪৷
কিন্তু ৪ পয়েন্টে যাওয়ার সুযোগ তিন দলের রয়েছে৷ ভারতকে প্রার্থনা করতে হবে, দক্ষিণ আফ্রিকা যেন বাকি দুই ম্যাচও জেতে৷ তা হলে তাদের পয়েন্ট হবে ৬৷ সে ক্ষেত্রে ভারত বাকি দুই ম্যাচ জিতলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে৷ কারণ, এই অঙ্ক মিললে জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজ ২ পয়েন্টের বেশি পাবে না৷
কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কারও কাছে হারে ও ভারত তাদের বাকি দুই ম্যাচ জেতে তার পরেও তিন দলের ৪ পয়েন্টে যাওয়ার সুযোগ থাকবে৷ সে ক্ষেত্রে নেট রানরেটের উপর বিচার হবে যে কোন দুই দল সেমিফাইনালে উঠবে৷ ভারত ৭৬ রানে হারায় নেট রানরেট বড় ধাক্কা খেয়েছে৷ ফলে ভারতকে তাদের পরের দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে৷ পাশাপাশি প্রার্থনা করতে হবে যে, দক্ষিণ আফ্রিকা হারলেও যেন ব্যবধান বেশি না হয়৷
তবে এ সবই পরের অঙ্ক৷ আগে ভারতকে তাদের পরের দুই ম্যাচ জিততেই হবে৷ কারণ, এর পর আর একটি ম্যাচ হারলে আর প্রায় কোনও অঙ্কেই সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে না ভারতের৷