Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় টেবল টেনিসের দলে ডাক পেল কলকাতার সিন্ড্রেলা

ক্রীড়াপ্রতিনিধি
Sun, 12-04-2026

এ বার বড়দের সঙ্গে পাল্লা দেওয়ার পালা৷ জুনিয়র স্তরে ভাল খেলার পুরস্কার পেল সিন্ড্রেলা দাস৷ টেবল টেনিসের সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ডাক পেয়েছে কলকাতার কিশোরী৷

২৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত লন্ডনে আয়োজিত হবে বিশ্ব সিনিয়র টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ৷ সেখানে ভারতীয় দলে সুযোগ পেয়েছে সিন্ড্রেলা৷ ভারতীয় টেবল টেনিস সংস্থা চিঠি পাঠিয়েছে বাংলার টেবল টেনিস সংস্থাকে৷ সেখানে জানানো হয়েছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর কাছে ছাড়পত্র নিতে হবে সিন্ড্রেলাকে৷ বিদেশে যাওয়ার জন্য ভিসাও করিয়ে নিতে হবে৷ টেবল টেনিস সংস্থার নিয়ম মেনে সিন্ড্রেলাকে ছাড়ার আবেদন করেছে ভারতীয় টেবল টেনিস সংস্থা৷

জানুয়ারি মাসে বডোদরায় যুব প্রতিযোগিতায় জোড়া পদক জিতেছিল ১৬ বছরের সিন্ড্রেলা৷ সার্থক আর‌্যের সঙ্গে জুটি বেঁধে জিতেছিল অনূর্ধ-১৯ মিক্সড ডাবলস৷ অনূর্ধ-১৭ মেয়েদের সিঙ্গলসও চ্যাম্পিয়ন হয়েছিল সে৷ ভাল পারফরম্যান্সের পুরস্কার পেল সিন্ড্রেলা৷ এ বার বড়দের সঙ্গে খেলবে সে৷

বাংলার টেবল টেনিসে সিন্ড্রেলা অনেক বছর ধরেই পরিচিত নাম৷ ধীরে ধীরে জাতীয় স্তরেও নিজের জায়গা তৈরি করেছে সে৷ এর আগে অনূর্ধ-১৫ ও অনূর্ধ-১৭ রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে৷ ডব্লিউটিটি ইয়ুথ কন্টেন্ডারে স্লোভেনিয়ায় অনূর্ধ-১৩ সোনা, ইটালিতে অনূর্ধ-১৩ সোনা, আলজেরিয়া, শ্রীলঙ্কা ও পেরুতে অনূর্ধ-১৫ সোনা জিতেছে সে৷ দোহায় যুব প্রতিযোগিতায় সোনা জিতে ফিরে গোয়ায় অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার মেয়ে৷ পাঁচ বছরের মধ্যে এত সাফল্য পেয়েছে সে৷

সিন্ড্রেলার লক্ষ্য অলিম্পিক্স৷ ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে দেশের হয়ে খেলতে চায় সে৷ তার আগে ২০২৬ সালের কমনওয়েলথ খেলতে চায় সে৷ আপাতত সেই লক্ষ্যেই যাত্রা শুরু করেছে সিন্ড্রেলা৷ তার প্রথম ধাপ ভারতের হয়ে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলা৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved