নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার শুটার আদ্রিয়ান কর্মকার৷ ভোপালে কুমার সুরেন্দ্র সিংহ চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে কীর্তি গড়েছেন আদ্রিয়ান৷ ছাপিয়ে গিয়েছেন বিশ্বরেকর্ডের স্কোরও৷
গত জানুয়ারিতে জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে বিশ্বরেকর্ড করেছিলেন আদ্রিয়ান৷ তাঁর বিশ্বরেকর্ড দু’সপ্তাহ আগে কায়রোতে আয়োজিত জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে ভেঙে দেন কাজাখস্তানের এক শুটার৷ সে কথা মাথায় রেখেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামে আদ্রিয়ান৷ বাবা প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার ছেলেকে বিশ্বরেকর্ড হাতছাড়া হওয়ার কথা বলে তাতিয়ে ছিলেন৷ আদ্রিয়ানও চ্যালেঞ্জ নেন৷ এই প্রতিযোগিতার স্কোর বিশ্বরেকর্ডের স্বীকৃতি না পেলেও চেষ্টার ত্রুটি রাখেনি আদ্রিয়ান৷ জুনিয়র বিভাগে যোগ্যতা অর্জন পর্বে ৩৬০.২ স্কোর করে জাতীয় রেকর্ড গড়ে ফাইনালে ওঠে৷ যা বর্তমান বিশ্বরেকর্ডের চেয়ে ৪.৮ পয়েন্ট বেশি৷ পরে ফাইনালেও সোনা জিতেছেন আদ্রিয়ান৷
প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে সোনা জিতেছেন প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করা স্বপ্ণিল কুসালে৷ আদ্রিয়ান তাঁর চেয়েও বেশি স্কোর করেছেন৷ প্রতিযোগিতা থেকে বাংলাকে এনে দিয়েছেন প্রথম সোনা৷