শুটিংয়ে নতুন তারকার জন্ম ভারতে৷ গ্রানাডায় আয়োজিত শুটিংয়ের বিশ্বকাপে সোনা জিতেছেন পলক গুলিয়া ও মুকেশ নেলাভাল্লি৷ ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তাঁরা৷ পলক ও মুকেশ হারিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটি কাই হু ও কিয়ানসুন ইয়াওকে৷ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী জুটি হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও আকোস নাগাইকেও হারিয়েছেন তাঁরা৷
মুকেশ এই প্রথম সিনিয়র স্তরে খেললেন৷ তিনি ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ২৯৪ পয়েন্ট স্কোর করেন৷ পলক স্কোর করেন ২৮৭ পয়েন্ট৷ চিনা জুটির ঠিক পিছনেই ছিলেন তাঁরা৷ এক ঘণ্টা পরে ফাইনালে চিনা জুটিকে ২.৯ পয়েন্টে হারান তাঁরা৷ পলক ও মুকেশ স্কোর করেন ৪৮৭.৭ পয়েন্ট৷ বিশ্বকাপের মিক্সড ইভেন্টে এটি বিশ্বরেকর্ড৷ শুটিংয়ের বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে আগে ফাইনালে দু’টি জুটির মধ্যে লড়াই হত৷ কিন্তু এখন লড়াই হয় চারটি জুটির মধ্যে৷ ফলে প্রতিযোগিতা অনেক বেড়েছে৷ ফাইনালে প্রথম তিনটি রাউন্ডে প্রত্যেক শুটার পাঁচটি করে শট মারেন৷ অর্থাৎ, প্রতিটি দল প্রতি রাউন্ডে ১০টি করে মোট ৩০টি শট মারে৷ তার পর পয়েন্টে চার নম্বরে থাকা জুটি বাদ যায়৷ পরের রাউন্ডে তিনটি করে ছ’টি শট মারে প্রতি দল৷ সেই রাউন্ডের পর একটি জুটি বাদ যায়৷ তার পরের রাউন্ডই শেষ৷ সেখানেও তিনটি করে ছ’টি শটের পর যে জুটি শীর্ষে থাকে তারা চ্যাম্পিয়ন হয়৷ সোনা জিতে মুকেশ বলেন, ‘‘ভারতের হয়ে সিনিয়র স্তরে এটা আমার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা৷ নিজের সেরাটা দিয়েছি৷ ফাইনালে স্নায়ুর চাপ ধরে রেখেছিলাম৷ আমি আর পলক নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিলাম৷ কে বেশি স্কোর করতে পারে সেই লড়াই চলছিল৷ সেই লড়াই করতে গিয়েই চ্যাম্পিয়ন হয়েছি৷’’ ২০২৪ সালে ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন মুকেশ৷ চলতি বছর এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতাতেও মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি৷
চ্যাম্পিয়ন হয়ে মুকেশকে কৃতিত্ব দিয়েছেন পলক৷ তিনি বলেন, ‘‘মিক্সড টিম ইভেন্টে জুটির মধ্যে বোঝাপড়া আসল৷ নতুন ফরম্যাটে চারটে দল ফাইনালে খেলে৷ ফলে লড়াই আরও বেশি৷ ফলে শুরুটা ভাল হওয়া জরুরি৷ আমরা সেটা করতে পেরেছি৷ আমি অবশ্য মুকেশের সঙ্গে নয়, আমার নিজের সঙ্গে লড়াই করছিলাম৷ মুকেশ আমার কাজটা সহজ করে দিয়েছে৷’’