পেশাগত কারণে উপকূলবর্তী এলাকায় গিয়ে সমুদ্রে ডুব দিয়ে কাজ সারছিলেন তরুণ ডুবুরি৷ তখনই একটি আহত মাছ দেখে সমুদ্রের তলা থেকে উদ্ধার করেন তিনি৷ সেই মাছটিকে খাইয়েদাইয়ে সুস্থ করে আবার সমুদ্রে ফিরিয়ে দিয়েছিলেন ডুবুরি৷ মানুষ-বন্ধুর এই উপকার ভুলতে পারেনি মাছটি৷ ৩০ বছর ধরে বন্ধুর ‘ঋণশোধ’ করতে ডুবুরির সঙ্গে দেখা করে যায় সে৷ ডুবুরিও সেই মাছটির জন্য খাবার নিয়ে যান৷ সমুদ্রের তলায় ভাসতে ভাসতে দুই বন্ধু দেখাসাক্ষাৎ সারে৷ ‘আর/মাইল্ডিইন্টেরেস্টিং’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ডুবুরির সামনে বিশাল একটি মাছ ঘোরাফেরা করছে৷ ডুবুরি সেই মাছের মুখের ভিতর খাবার পুরে দিলেন৷ তার পর মাছটিকে আদর করতে শুরু করলেন তিনি৷ এই ঘটনাটি সম্প্রতি জাপানের চিবা প্রিফেকচার তাতেইয়ামা উপকূলের নিকটবর্তী শিন্তো গেটের কাছে ঘটেছে৷ ৩০ বছর আগে দৈনন্দিন নজরদারির কাজ সারতে সেই এলাকায় ডুব দিয়েছিলেন ডুবুরি হিরোউকি আরাকাওয়া৷ জাপানের বাসিন্দা তিনি৷
নজরদারি করার সময় এশীয় শিপ্সহেড র্যাস প্রজাতির একটি মাছকে আহত অবস্থায় উদ্ধার করেন তিনি৷ মাছটিকে খাইয়েদাইয়ে সম্পূর্ণ সুস্থ করে আবার সমুদ্রে ছেড়ে দিয়েছিলেন হিরোউকি৷ ভালবেসে মাছটির নাম ইওরিকো রেখেছিলেন হিরোউকি৷ তার পর থেকে যখনই তিনি ওই এলাকায় ডুব দেন, তখনই ইওরোকি তাঁর কাছে চলে আসে৷ ডুবুরির চারদিকে পাক খেয়ে সাঁতার কাটতে থাকে সে৷ হিরোউকিও তাঁর বন্ধুর জন্য নিয়মিত খাবার নিয়ে যান৷ ৩০ বছর ধরে জলের তলায় বন্ধুত্ব বজায় রেখেছেন তিনি৷ ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে তা ভালবাসায় ভরিয়ে দেন নেটপাড়ার অধিকাংশ৷ এক নেটাগরিক লিখেছেন, ‘‘মাছটি তার বন্ধুর উপকার ভুলতে পারেনি৷ নিয়ম করে বন্ধুর সঙ্গে দেখা করে যায়৷