আরও এক সূর্যবংশী৷ নাম আশীর্বাদ সূর্যবংশী৷ ৮৭ বলে ১০৩ রান করে হইচই ফেলে দিয়েছে ১০ বছরের ছেলে৷ দাদার মতোই আগ্রাসী মেজাজে ব্যাট করতে ভালবাসে আশীর্বাদ৷ ভাইয়ের শতরানে উচ্ছ্বসিত সদ্য ভারতীয় দলে জায়গা করে নেওয়া বৈভব সূর্যবংশীও৷ আইপিএলে বৈভবের আগ্রাসী ব্যাটিং মোহিত করেছে ক্রিকেটপ্রেমীদের৷ সবচেয়ে বেশি রান করে কমলা টুপি জিতে নেওয়া ১৫ বছরের কিশোর জায়গা করে নিয়েছে ভারতের টি-টোয়েন্টি দলেও৷ তার আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা৷ এর মধ্যেই উদয় হল আরও এক সূর্যবংশীর৷
সমস্তিপুরের তাজপুর ক্রিকেট অ্যাকাডেমির অনুশীলন ম্যাচে শতরান করেছে আশীর্বাদ৷ ৮৭ বলের ইনিংসে ২০টি চার এবং ১টি ছক্কা মেরেছে সে৷ স্ট্রাইক রেট ১১৮.৩৯৷ ভাইয়ের এমন ইনিংসে উচ্ছ্বসিত বৈভব৷ ভাইয়ের ছবি এবং স্কোর কার্ডের স্ক্রিনশট দিয়ে বৈভব লিখেছে, ‘‘অভিনন্দন আশীর্বাদ৷’’ আশীর্বাদের ইনিংসে ভর করে জয় পেয়েছে তার দল৷
ভাই ছাড়া বৈভবের এক দাদা রয়েছেন৷ তাঁর নাম উজ্জ্বল সূর্যবংশী৷ তিনি অবশ্য ক্রিকেট খেলেন না৷ বৈভব এখন ভারত ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে রয়েছে৷ আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে ২২ বলে ৪৪ রান করেছে কিশোর ব্যাটার৷