মম দৃষ্টিতে সবাই সমান
কেহ নয় অভাজন,
সবাই আমার পরমাত্মীয়
বন্ধু ও পরিজন৷
পরমপিতার অসীম আধারে
জীব-নির্জীব সবাই আশ্রিত,
প্রীতি বন্ধনে আবদ্ধ হলে
সৃষ্টিকর্তা হবেন প্রীত!
জ্যোতির্ময়ের জ্যোতিরালোকে
রবিও আহ্লাদিত,
রবির জ্যোতিতে শশীর উচ্ছ্বাস
জ্যোৎস্নায় ধরা প্লাবিত৷
মিটি মিটি করে তারারা আকাশে
জোনাকির আলো বনে,
আলোর দেবতা মগ্ণ রয়েছে
আলোর বিচ্ছুরণে!
দামিনী ঝলক প্রলয়োল্লাস
তাঁহার রুদ্র প্রকাশ,
কুয়াশা অমানিশা কোথায় হারায়
রাঙা হলে পূবাকাশ!
অন্তর যবে আলো করে রবে
আলোর দেবতা মম,
আলোর ঝলকে অসীম পুলকে
দেখা দাও প্রিয়তম!
গহন কৃষ্ণ বিভাবরী শেষে
আলো ঝলমলে ভোর,
হৃদাকাশ মোর আলোকিত করে
খুলিয়া হৃদয়-দোর৷
সবার মধ্যে তাঁহার প্রকাশ
হৃদয়-কুসুম ঢালিছে সুবাস,
নানা রূপে সাজে বিবিধের মাঝে
রয়ে গেছে শত মানবিক কাজে
সব সাফল্যের নেপথ্যে যে’’ জন
নিজেরে রাখে গোপন,
অপলকে যিনি চেয়ে মোর পানে
সে আমার প্রিয়জন!
এসেছে আজিকে আলোর দেবতা,
নিয়ে আগামী দিনের আলোর বারতা,
কুসুম কাননে ভ্রমর গুঞ্জনে
নদী কলতানে পাখীর কুজনে
জগৎ কর্মমুখর৷
নয়ন মেলিয়া দেখ চারিধার
রাঙা হলো পূব-অম্বর,
ধরা জাগরণে নিশি অবসানে
হাসিছে সোনালী ভোর!
- Log in to post comments