গত ১৫ই মার্চ রাজ্যে সাধারণ নির্বাচনের দিন ঘোষনা করলেন নির্বাচন কমিশনার৷ এপ্রিলের ২৩ ও ২৯ তারিখ দু-দফায় এই নির্বাচন হবে৷ গত বারে ৮ দফায় নির্বাচন হয়েছিল৷ এবার সেই ৮ দফাকে কমিয়ে দুদফা করা হয়েছে৷ বৃহৎ দলগুলির মধ্যে তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে৷ অন্যান্য দলগুলিও আংশিক তালিকা প্রকাশ করেছে৷
রাজ্যে নির্বাচনী খেলা শুরুর আগেই অবশ্য খেলা শুরু করেছেন কেন্দ্রীয় শাসকদলের অনুগত নির্বাচন কমিশনার৷ রাজ্যের ষাট লক্ষ্যের অধিক ভোটারের ভাগ্য এখনও ঝুলিয়ে রেখেছে৷ নির্বাচনের দিন ঘোষনার অনেক আগেই রাজ্যের ঘাড়ে আধা সেনার ভার চাপিয়ে দেওয়া হয়েছে৷ প্রশাসনেও বিভিন্ন পর্যায়ের অফিসারদের নিজের ইচ্ছে মতো বদলি করাও শুরু হয়েছে৷ রাজ্যের শাসকদলের অভিযোগ নির্বাচন কমিশনার এই কাজ করছে রাজ্যের প্রধান বিরোধী দলের অঙ্গুলী হেলনে৷ ইতিমধ্যে বিগ্রেডে জনসভা করে প্রধানমন্ত্রী হাওয়া গরম করে গেছেন৷ পাল্টা মহানগরে মহামিছিল করে মুখ্যমন্ত্রীও তাঁর অটুট জনসমর্থনের চেহারা দেখিয়েছেন৷
গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে৷ কেন্দ্রের স্বৈরাচারী শাসক সেই জনগণের কন্ঠরোধ করে নির্বাচনী বৈতরনী পার হতে চাইছে৷ নির্বাচনের মুখে রাজ্যের বর্তমান রাজ্যপালের মেয়াদ শেষ হবার আগে দলীয় বশংবদ এন.আর.রবিকে রাজ্যের রাজ্যপাল করে আনা হয়েছে৷ এ.আর.রবি তামিল নাড়ুর রাজ্যপাল থাকার সময় শীর্ষ আদালত তার ভূমিকায় ক্ষুব্ধ হয়ে তাকে ভৎর্সনা করেন৷ এই আবহে রাজ্যে নির্বাচনী খেলা শুরু হয়েছে৷ রাজ্যবাসীর আবেদন এই খেলা যেন রক্তপাতহীন হয়৷