বন্যার জল নামতে শুরু করলেও এখনও আশঙ্কা কাটেনি অসমে৷ মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ ফলে বন্যার জল যে সব অঞ্চলে নেমেছে সেই জায়গায় আবার নতুন করে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বুধবার তিন জনের মৃত্যু হয়েছে৷ ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৷
রাজ্য প্রশাসন জানিয়েছে, বুধবার শিবসাগর জেলায় দু’জন এবং গোলাঘাটে এক জনের মৃত্যু হয়েছে৷ রাজ্যের সাতটি জেলা এখনও বন্যাকবলিত৷ তিন লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত৷ সাড়ে ৫০০ গ্রাম জলের নীচে৷ ২১ হাজার ৫২৩ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে৷ তবে মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন দিন অসম, অরুণাচল, নাগাল্যান্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে৷ মৌসম ভবনের এই পূর্বাভাসেই আতঙ্ক বাড়ছে বন্যাকবলিত অসমের জেলাগুলিতে৷ রাজ্যের তিন সুকিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ এ ছাড়াও নাগাল্যান্ডের মোন, মোকোকুচুং এবং বোখা জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে৷ যার প্রভাব পড়শি দেশ অসমেও পড়বে৷ বন্যার সেই দুর্দশা এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক এলাকাই৷ তার মধ্যে নতুন করে বৃষ্টির ভ্রুকুটিতে আতঙ্কের প্রহর গুনছেন বাসিন্দারা৷