ভরা বর্ষায় খিচুড়ি বেগুন ভাজা বাঙালীর রসনায় বড় তৃপ্তিদায়ক৷ কিন্তু সবজির বাজারে গেলেই কপালে ভাঁজ রসনায় বিস্বাদ৷ শ্যামবাজারে এক ভদ্রলোক বেগুনের দাম জানতে চাওয়ায় বিক্রেতার কাছ থেকে উত্তর এলো একশ টাকা৷ ভদ্রলোক বেগুনের দাম শুণে পকেট থেকে ফোন বার করে কাউকে ফোন করে বললেন---খিচুড়ি নয়, ডাল ভাত আলু ভাতে৷
বর্ষাকালে সবজির দাম একটি বেশি থাকে৷ এবার কিন্তু সেভাবে বর্ষা এখনও হয়নি৷ তাতেও সবজির বাজার অন্য বারের তুলনায় এই সময়ে অনেকটাই বেশি৷ গত এক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তে বাড়তে গৃহস্থের নাগালের বাইরে চলে যাচ্ছে৷ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও নজর দেয়া হচ্ছে না৷ মধ্যবিত্ত ক্রেতাদের অভিযোগ সবজির লাগামহীন মূল্য বৃদ্ধিতে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই৷ কাঁচা আনাজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পিছনে আছে দালাল রাজ৷ যারা মাঝখানে থেকে সবজির বাজার নিয়ন্ত্রণ করছে৷ প্রশাসন যদি এদিকে নজর দিত তবে এইভাবে সবজির দাম বৃদ্ধি হতো না৷ কিছুটা অন্তত নিয়ন্ত্রিত হত৷
আগের সরকার দালালদের লাগাম টানতে ও সবজির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে একটি টাস্ক ফোর্স গঠন করেছিল৷ তারা নিয়মিত বাজারের ওপর নজর রাখত ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত৷ বাম ও তৃণমূলের আমলে কৃষি বিপণন দপ্তরে একজন পূর্ণমন্ত্রী থাকতেন৷ এই দপ্তরই দ্রব্যমূল্যের ওপর নজরদারি করতো৷ কিন্তু বর্তমানে এই দপ্তরে কোন পৃথক মন্ত্রী নেই৷ পঞ্চায়েত মন্ত্রীর হাতের এই দপ্তর দেখাশোনার দায়িত্বে আছে৷ পূর্বতন সরকারের টাস্ক ফোর্সের এক সদস্য জানান সরকারের উচিত তাদের পছন্দমত লোকজন নিয়ে নতুন করে টাস্কফোর্স গঠন করে বাজারের প্রতি নজর রাখা৷ তাতে বাজার কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে৷