ভোটপর্ব শেষ৷ রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ পেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান৷ আর সেই সঙ্গেই ভাঙলো চেনা প্রথা৷ বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে এই প্রথম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে সরকার প্রধান ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান৷ গত মঙ্গলবার বিকাল চারটেয় সেখানে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তারেক৷ সঙ্গে মন্ত্রিসভার অন্য সদস্যরাও৷ সংসদ সচিবালয় সূত্রে খবর, শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন৷ ২০০১ সালে বিএনপির মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের৷ সূত্রের খবর, এবার নতুন মন্ত্রিসভা হয় ৩৭ জনের৷ এর মধ্যে ২৬-২৭ জন পূর্ণ মন্ত্রী এবং ৯-১০ জন প্রতিমন্ত্রী৷ মন্ত্রী হিসাবে যাঁদের নাম প্রাথমিকভাবে আলোচনায় ছিলেন, তাঁরা হলেন ফজলুর রহমান, শহিদউদ্দিন চৌধুরী অ্যানি, আন্দালিব রহমান পার্থ, মাহদি আমিন, সাঈদ আল নোমান এবং ইশরাক হোসেন৷ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ঢাকার বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোডে ৩৬টি বাংলো ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত রাখা হয়েছিল৷
গত মঙ্গলবার সকাল ১০টায় সংসদ ভবনে নতুন এমপিদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার৷ পরে বিকেলে দক্ষিণ প্লাজায় হয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ৷ অন্তত ১৩টি দেশকে সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য যাননি৷ প্রতিনিধি হিসাবে যান লোকসভার স্পিকার ওম বিড়লা৷ এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার সহ প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷
বিএনপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন খাতে বইবে, তা নিয়ে জল্পনা চলছে৷ এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো ‘একটি বিষয়ে’ আটকে থাকবে না৷ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টিও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হবে না৷ ফখরুলের কথায়, ‘আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন৷ তাঁকে শাস্তি দেওয়ার জনদাবি রয়েছে৷ আমরা মনে করি, ভারতের উচিত তাঁকে আমাদের কাছে হস্তান্তর করা৷ কিন্তু তা বাণিজ্য সম্পর্ক সহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো বাধা হবে না৷ আমরা আরও ভালো সম্পর্ক গড়তে চাই৷’
সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে ভোটে লড়েছিলেন বিএনপির চেয়ারম্যান৷ দু’টি আসনেই জয়লাভ করেন তিনি৷ বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার জন্য তারেক চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে৷ এদিন বিএনপির গুলশানে কার্যালয়ে তারেকের সঙ্গে দেখা করেন নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি৷ শপথগ্রহণ অনুষ্ঠানের বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে৷
গণভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর গত দেড় বছর ধরে বাংলাদেশের দায়িত্বভার ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কাঁধে৷ সেই পর্ব শেষের মুখে৷ গত সোমবার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেন ইউনুস৷ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও দেখা করেন ইউনুস৷ পরে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি৷ সেখানে ইউনুস বলেন, বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল৷ তিনি গত ১৮ মাসে সেই দায়িত্ব পালনের চেষ্টা করে গিয়েছেন৷