বাংলার ক্রিকেটের উন্নতির লক্ষ্যে নতুন উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)৷ ক্রিকেটারদের জন্য আরও বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সিএবি৷ সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ফিজিয়ো এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন৷
বাংলার ক্রিকেটের ভবিষ্যতের জন্য উন্নত মানের বিজ্ঞানভিত্তিক ক্রীড়াকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ বিশ্বমানের পরিকাঠামো গড়ে তুলছেন সিএবি কর্তারা৷ নানা পরীক্ষার পর বেছে নেওয়া হয়েছে অভিজ্ঞ এবং পেশাদার ফিজিয়ো এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচেদের৷ ক্রিকেটারদের স্বার্থে দেশের সেরা পেশাদারদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে৷ আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হবে৷ ক্রিকেটীয় দক্ষতা ছাড়াও বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হবে৷ যেমন ক্রিকেটারদের ধকলের পর্যবেক্ষণ, ক্ষিপ্রতা বৃদ্ধির অনুশীলন, শারীরিক সক্ষমতার বিভিন্ন মান বৃদ্ধি, চোটের ঝুঁকি কমানো-সহ নানা বিষয়ে জোর দেওয়া হবে৷ নজর রাখা হবে ক্রিকেটারদের খাদ্যাভ্যাসের দিকেও৷ ক্রিকেটারদের সব তথ্য থাকবে সিএবির কাছে৷
বাংলার ক্রিকেটারেরা সর্র্বেচ্চ পর্যায়ে ট্রফি জেতার ক্ষেত্রে কোথাও পিছিয়ে পড়ছেন৷ ব্যক্তিগত ভাবে অনেকেই ভাল পারফর্ম করছেন৷ আকাশ দীপ, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েলরা ডাক পাচ্ছেন জাতীয় দলেও৷ কিন্তু প্রায় প্রতি বছরই আশা জাগিয়ে শুরু করলেও চ্যাম্পিয়ন হতে পারছে না বাংলা৷ রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো প্রতিযোগিতাগুলি থেকে ফিরতে হচ্ছে খালি হাতে৷ সিএবির নতুন উদ্যোগ এই ব্যর্থতা মুছে বাংলার ক্রিকেটকে নতুন দিশা দেখাতে পারে৷