ভারতে ফুটবল বিশ্বকাপের খেলা সম্প্রচার নিয়ে জট সম্ভবত কাটতে চলেছে৷ এমনই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রাক্তন এক কর্তা৷ প্রাক্তন সচিব সাজি প্রভাকরণ জানিয়েছেন, আগামী সপ্তাহেই সব পরিষ্কার হয়ে যাবে৷
শনিবার সমাজমাধ্যমে প্রভাকরণ জানিয়েছেন, ফিফার প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির পর্ব শেষ হয়েছে৷ ভারতে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে জট কেটে গিয়েছে৷ ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, দ্রুত সরকারি ঘোষণা হয়ে যাবে৷ নিজের পোস্টে প্রভাকরণ লিখেছেন, ‘‘ভারতের ফুটবল ভক্তদের জন্য বড় খবর৷ অপেক্ষার অবসান হল৷ আলোচনা শেষ হয়েছে এবং আগামী সপ্তাহে ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে! কয়েক মাসের অনিশ্চয়তার পর ফুটবলপ্রেমীরা অবশেষে স্বস্তি পেতে পারেন৷ বিশ্বকাপ ভারতে সম্পূর্ণ উপভোগ করা যাবে৷ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপের জন্য প্রস্তুত হোন!’’
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য ১০০ কোটি টাকা দাবি করে ফিফা৷ এত টাকা দিয়ে সম্প্রচারস্বত্ব কিনতে রাজি হয়নি সোনি এবং জিয়োস্টার৷ দু’টি সংস্থাই ফিফার সঙ্গে আগেই দরাদরি থেকে সরে এসেছে৷ ১০০ কোটি টাকার এক-তৃতীয়াংশ ডিজিটাল স্বত্বের জন্য চেয়েছিল ফিফা৷ জিয়োস্টার তারও এক চতুর্থাংশ টাকায় ডিজিটাল স্বত্ব কেনার প্রস্তাব দিয়েছিল৷ সেই প্রস্তাব খারিজ করে দেয় ফিফা৷ অন্য দিকে, দূরদর্শন ৫ কোটি টাকার বিনিময়ে শুধু নক আউট পর্বের ম্যাচগুলির সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব দিয়েছিল৷ পরে দূরদর্শন কর্তৃপক্ষও সরে গিয়েছে৷
শোনা যাচ্ছে, শেষ মুহূর্তে লড়াইয়ে ঢুকেও এগিয়ে গিয়েছে জি গোষ্ঠী৷ তারা সাতটি নতুন খেলার চ্যানেল আনতে চলেছে৷ নতুন কোনও একটি চ্যানেলেই দেখা যেতে পারে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ৷ ফিফার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ছিলেন জি এবং জিয়ো গোষ্ঠীর কর্তারা৷ শেষ মুহূর্তের দরাদরি চলছে৷ সব চূড়ান্ত হওয়ার পর সরকারি ভাবে ঘোষণা হবে ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারকারী চ্যানেলের নাম৷
সব মিলিয়ে গত বেশ কয়েক মাস ধরে ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা চলছে৷ ফেডারেশনের প্রাক্তন সচিবের দাবি ঘিরে নতুন আশা তৈরি হয়েছে৷ তবে ফুটবলপ্রেমীদের আরও কিছু দিন অপেক্ষা করতেই হবে৷ আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ৷ এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা৷