বর্তমান পৃথিবী মানব আধারে দানবের জিঘাংসার কাছে আত্মসমর্পণ করেছে৷ মনুষ্যত্বহীন দ্বিপদ দানবেরা রাষ্ট্রে রাষ্ট্রে ক্ষমতার উচ্চ আসনে বসে হিংসার উৎসবে মেতে উঠেছে৷ মানবরূপী এই দানবদের কৃপার ওপর মানুষের বাঁচা-মরা নির্ভর করছে৷ পুঁজিবাদের সর্বগ্রাসী ক্ষুধা, ধর্মান্ধদের হিংস্র সাম্প্রদায়িকতা, স্বৈরাচারী ফ্যাসিষ্ট শাসকের আস্ফালন পৃথিবীকে নরক করে তুলেছে৷ পৃথিবী মনুষ্য বাসের অযোগ্য হয়ে উঠছে৷
গত ৯ই মার্চ শ্রীরামপুরে এক আলোচনায় প্রবীন প্রাউট তাত্ত্বিক শ্রীপ্রভাত খাঁ বলেন--- পৃথিবীর এই দুরাবস্থার কারণ পুঁজিবাদী নিয়ন্ত্রিত কেন্দ্রীত অর্থনীতি ও ধর্মান্ধ মৌলবাদী শাসকের যুগল সমন্বয়ে মানুষের সমাজ এই বিপর্যয়ের সম্মুখীন৷ মানুষ নিজেকে শুধু রাজনৈতিক অর্থনৈতিক জীব বলেই মনে করছে৷ তার যে সাংস্কৃতিক জীবন আছে, আধ্যাত্মিক জীবন আছে মানুষ ভুলেই গেছে৷ মানুষ তার জীবনের স্বাভাবিক গতির বিপরীতে ছুটে চলেছে ভ্রান্ত দর্শনের প্রভাবে৷ মানুষকে কেউ ভাবতে শিখিয়েছে অর্থনৈতিক জীব হিসেবে, কেউ বা মানুষকে বিচারশীল পশু আখ্যা দিয়েছে৷ এই ভ্রান্ত দর্শনের প্রভাবেই মানুষের এই মানবিক মূল্যবোধহীন পাশবিক আচরণ৷
শ্রী খাঁ বলেন মানুষকে এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউট ও নব্যমানবতাবাদের আদর্শ অনুসরণ করতে হবে৷ প্রাউটের অর্থনৈতিক পরিকল্পনায় বর্তমান কেন্দ্রীত অর্থনীতির মূলচ্ছেদ করে সর্বশ্রেণীর মানুষের তথা সর্বজীবের সার্বিক বিকাশ ঘটাতে এক বিকল্প বিকেন্দ্রিত আর্থিক ব্যবস্থা গড়ে উঠবে৷ পাশাপাশি নব্যমানবতাবাদের শিক্ষা সবরকম ভেদ-বিদ্বেষ দূর করে এক মানব সমাজ গড়ে তুলবে৷ যেখানে ছোট-বড় উঁচু-নীচু কোন প্রকারে বিভেদমূলক ভাবনা থাকবে না৷ তাই মানুষকে যেমন বিজ্ঞানের সাহায্য নিয়ে একটা সুদৃঢ় আর্থিক বুনিয়াদ গড়ে তুলতে হবে---যাতে প্রতিটি মানুষ জীবন ধারণের প্রাথমিক প্রয়োজন-অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চিততা পায় ও মানসিক ও আধ্যাত্মিক বিকাশের সুযোগ পায়৷ বর্তমানে এক ধরণের হীনরুচির শিল্প, সাহিত্য,চলচ্চিত্র, গান মানুষকে বিশেষ করে যুব সমাজকে অধঃপতে ঠেলে দিচ্ছে৷ তাই নতুন করে সাহিত্য রচনা করে সাংস্কৃতিক জগতেও পরিবর্তন আনতে হবে৷ অপরদিক মানুষকে তার পরমলক্ষ্যে পৌঁছতে হলে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে নব্যমানবতাবাদে প্রতিষ্ঠিত হবে৷তাই প্রাউটিষ্টদের এই প্রাউট ও নব্যমানবতাবাদের আদর্শকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে৷