ব্যর্থ হওয়ার কথা ভেবো না৷ যেভাবে খেলে এসেছ, সেভাবেই খেলে যাও৷ ২০২১ সালে মহেন্দ্র সিং ধোনির এই পরামর্শই বদলে দিয়েছিল অক্ষর প্যাটেলকে৷ ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘মাহি-ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে, নিজেকে যথাযথভাবে মেলে ধরতে পারছি না আন্তর্জাতিক ক্রিকেটে৷ বিশেষ করে ব্যাটিংয়ে নিজের দক্ষতা প্রমাণ করা যাচ্ছে না৷ জবাবে মাহি ভাই বলে, কেরিয়ারের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে আমার আউটগুলো এখনও মাথায় ঘুরছে৷ সেই ব্যর্থতাগুলোকে পিছনে ফেলা যাচ্ছে না৷ কিন্তু সেটাই করতে হবে৷’
নিজেকে প্রমাণ করার ভাবনা থেকে বেরিয়ে এসে খেলার পরামর্শও দেন ধোনি৷ ঘরোয়া ক্রিকেটের মতো চাপমুক্ত মনে খেলতে বলেন তিনি৷ এক-দুই রান নিয়ে ক্রিজে থিতু হওয়ার পর আক্রমণাত্মক শট খেলার টিপস দেন ধোনি৷ অলরাউন্ডার মানেই প্রতি ম্যাচে রান করতে হবে এমন ভাবনা চাপ বাড়ায়৷ তাই তা থেকে অক্ষরকে দূরে থাকার পরামর্শ দেন ধোনি৷ উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন অক্ষর৷ তিন বছর পর ফেরেন স্কোয়াডে৷ তখনই ধোনির মহামূল্যবান উপদেশ পান বাঁ-হাতি৷
নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে পাওয়া চোট অবশ্য ভোগাচ্ছে তাঁকে৷ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে অক্ষরের৷ বুধবার টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব একথা জানান৷ টি-২০ বিশ্বকাপের আগে অবশ্য তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলেই আশাবাদী শিবির৷