গত মঙ্গলবারই দিল্লির সিভিক সেন্টারে বৈঠক করেছে সংযুক্ত কিষান মোর্চা৷ সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মোদি বিরোধিতায় একের পর এক আন্দোলন গড়ে তোলা হবে৷ আগামী ২৬ নভেম্বর, অর্থাৎ কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে দিল্লি সহ দেশের মোট ১০০টি স্থানে কিষান মিছিলের আয়োজন করা হবে৷ তবে সেখানে ট্রাক্টর মিছিলের আয়োজন করা হবে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়৷ সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি জানিয়েছে, আগামী ১৭ আগস্ট একাধিক দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্মারকলিপি পেশ করা হবে৷ পাশাপাশি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, বিধায়ক এবং সাংসদদের কাছেও স্মারকলিপির কপি পৌঁছে দেওয়া হবে৷ আজ, বুধবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে শ্রমিক-কৃষক কনভেনশনের আয়োজন হয়েছে৷ এদিকে, মঙ্গলবার এসএফআই অভিযোগ করেছে আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে ছাত্রনেত্রী ঐশী ঘোষকে গ্রেপ্তার করতে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় নয়াদিল্লির এ কে গোপালন ভবনে এসেছিল দিল্লি পুলিশ৷ সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি বলেন, ‘এটি একটি জাতীয় দলের কেন্দ্রীয় কার্যালয়৷ সেই দপ্তরে সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ এসেছে৷ তারা যে প্রক্রিয়ায় তল্লাশি চালিয়েছে, তা কোনোমতেই গ্রহণযোগ্য নয়৷ আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ করব৷’