চলতি এশিয়ান গেমসে প্রথম ব্যক্তিগত সোনা জিতেছেন নীরু ধঁধা৷ মহিলাদের ট্র্যাপ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি৷ হারিয়েছেন চিনের প্রতিযোগীকে৷ অথচ, মাত্র আট বছর আগে শুটিংয়ে হাতেখড়ি তাঁর৷ তুতো ভাইকে দেখে শুরু করেছিলেন৷ সেই তিনিই জিতলেন সোনা৷
নীরুর তুতো ভাই লক্ষ্য সেওরান ২০১৮ সালের এশিয়ান গেমসে পুরুষদের টর্য়াপ ইভেন্টে জিতেছিলেন রুপো৷ সেটা দেখেই প্রথম বার বন্দুকে হাত দেন সেনাবাহিনীর সুবেদার নীরু৷ শুরুতে নিজস্ব শটগান ছিল না তাঁর৷ ধার করেন ভাইয়ের কাছে৷ টিনের ক্যানকে নিশানা করে অনুশীলন করতেন৷
প্রতিবন্ধকতা থামাতে পারেনি নীরুকে৷ ২০২২ সালের শুটিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম বার ভারতের হয়ে নামেন নীরু৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপে জেতেন সোনা৷ চলতি বছরই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জেতেন তিনি৷ মিক্সড ট্র্যাপ ইভেন্টে জেতেন ব্রোঞ্জ৷ সেই ছন্দ এশিয়ান গেমসেও ধরে রেখেছেন তিনি৷
চলতি এশিয়ান গেমসে এটি নীরুর দ্বিতীয় পদক৷ এর আগে মিক্সড টিম ট্র্যাপ ইভেন্টে রুপো জিতেছেন তিনি৷ তবে এ বার আর দলগত নয়, ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলেন তিনি৷ চলতি এশিয়াডে এটিই প্রথম বক্তিগত সোনা৷ এর আগে মহিলাদের ক্রিকেট, পুরুষ ও মহিলাদের কবাডি এবং শুটিংয়ে মিক্সড ইভেন্টে সোনা জিতেছে ভারত৷
ফাইনালে শুরু থেকেই এগিয়ে ছিলেন নীরু৷ বাকিদের থেকে তাঁর মিসকম হচ্ছিল৷ শেষে চিনের সুন ইউনঙের সঙ্গে লড়াই হচ্ছিল ভারতীয় শুটারের৷ দু’শট এগিয়ে ছিলেন নীরু৷ সেই লিডই নীরুকে সোনা এনে দিল৷ শেষ পর্যন্ত ৩০-এর মধ্যে ২৮ স্কোর করেন ভারতীয় শুটার৷ সুনের স্কোর ছিল ২৬৷
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের সোনাজয়ী পিটার উইলসন ভারতের শুটিং দলের কোচ৷ নীরু সোনা জেতার পর তিনি দৌড়ে গিয়ে ছাত্রীকে জড়িয়ে ধরেন৷ কুর্নিশ জানান৷ এর আগে এশিয়ান গেমসে ট্র্যাপ ইভেন্টে সর্বাধিক স্কোর ছিল ২৪৷ সেই স্কোর টপকে নতুন রেকর্ড গড়েছেন নীরু৷