গ্যাসের জন্যে ২৫দিন আগে আবেদন করতে হবে৷ কেন্দ্রীয় সরকারের এই আকস্মিক পরিকল্পনাহীন ঘোষনায় কালোবাজারীরা সুবিধা নেবে৷ ইতি মধ্যেই গ্যাসের জন্যে হাহাকার পড়েছে৷ যেখানে বুকিং-এর দুদিনের মধ্যেই গ্যাস পাওয়া যাচ্ছিল সেখানে অকস্মাৎ ২৫ দিনের ঘোষনায় অনেক গৃহস্থ সংকটে পড়েছে৷ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি রান্নার গ্যাস সহ জ্বালানীর একটা সংকট তৈরী হয়েছে৷ এই অবস্থায় এই ঘোষনার কিছু কালোবাজারী সুবিধাবাদীরা সুবিধা নেবেই৷ বিষয়টা কেন্দ্রীয় পেট্রোলিয়ম দপ্তরের৷ তাই কেন্দ্রীয় সরকারের উচিত ছিল পরিকল্পনা করে গৃহস্থকে সময় দিয়ে এই ঘোষনা কার্যকর করা৷ কিন্তু ঘোষনার সঙ্গে সঙ্গে গ্যাস ডিলাররা তা কার্যকর করায় গৃহস্থ সংকটে পড়েছে৷ অধিক দাম দিয়ে কালো পথে গ্যাস নিতে বাধ্য হচ্ছে৷
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন---এই মুহূর্তে কালোবাজারী হচ্ছে বলছি না, কিন্তু কেন্দ্রীয় সরকার এটা করার সুযোগ করে দিচ্ছে৷ তবে মুখ্যমন্ত্রী বলুন, নাই বলুন গ্যাস নিয়ে যে কালোবাজারী শুরু হয়েছে তা শহরের অলিগলিতে চোখ রাখলেই ধরা পড়বে৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস ডিলারদের সঙ্গে জরুরী বৈঠক করে নির্দেশ দেন--- রাজ্যের উৎপাদিত রান্নার গ্যাস রাজ্যের বাইরে পাঠানো চলবে না৷ ২৫দিনের আগে গ্যাস পাওয়া যাবে না বলে আতঙ্ক ছড়ানো চলবে না৷ সাধারণ গৃহস্থরা যাতে গ্যাসের অভাবে সমস্যায় না পড়ে৷ হাসপাতাল, মিড-ডে-মিল রান্নার মতো জরুরী সংস্থায় যেন গ্যাস সংকট না হয়৷ মুখ্যমন্ত্রী বলেন দেশে গ্যাসের মজুত কত আছে তার হিসেব নিয়ে ঘোষনা করা উচিত ছিল কেন্দ্রের৷ প্রত্যেকটি পেট্রোল পাম্পে মোদির ছবি থাকে৷ আমেরিকার কথায় রাশিয়ার তেল কিনতে যাচ্ছে অথচ দেশে পেট্রোলিয়াম সংকট মানুষের সমস্যার দিকে খেয়াল নেই৷ যাঁরা এস.আই.আরের মতো বিষয়ে চটজলদি সিদ্ধান্ত নিয়ে মানুষের নাম কাটতে পারে৷ তাঁরা এই যুদ্ধকালীন সংকটে ব্যবস্থা নেয়না কেন! তিনি আরও বলেন, অবৈধ মজুত ও কালোবাজারীদের বরদাস্ত করা হবে না৷ প্রশাসনকে মানুষের পাশে থাকার কথা বলা হয়েছে৷ সরবরাহ ব্যবস্থা যেন স্বচ্ছ থাকে৷ সার্ভার বন্ধ থাকায় বুকিং-এ সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রী সার্ভার ব্যবস্থা দ্রুত চালু করার কথা বলেছেন৷