শৈশবের ফেলে আসা দিনগুলো
নানান স্মৃতির মখমলে ঢাকা
শৈশবের দিনগুলো
কাটত মুক্ত বিহঙ্গের মতো
সেখানে থাকত না
কোন জোয়ার ভাটা৷
তখন শীতে শীত জমত, বর্ষার বৃষ্টি
শরতে কাশবনে কাশফুলের দোলা
আর আকাশে শাদা মেঘের ভেলা
পুজো পুজো গন্ধে মন হত উতলা
তখন পরিবেশ দূষণের দাপট
আর উষ্ণায়ণের ভয়াল চেহারা
কোমল মনকে করত না ভারাক্রান্ত
প্রকৃতিও থাকত নির্মল আর শান্ত৷
বসন্তে কোকিলের
কুহুতান আর দখিনা বাতাস
মনকে করত পুলকিত আর উদাস,
আবির রঙে রেঙে উঠত সবাই
বদ্ধ ঘরে থাকত না
ফটিক কিংবা বলাই
তার পর কালের স্রোতে
শৈশবের দিনগুলো
একদিন নিঃশব্দে হারিয়ে যায়৷
স্মৃতিগুলো হয়ে ওঠে
ফিকে আর বিবর্ণ
আকুতিগুলো ধীরে ধীরে চূর্ণ৷
শৈশব জীবন এখন বড় নিস্তরঙ্গ তার কৃত্রিম পড়াশোনা আর
অনুশাসনের ঘেরাটোপে বন্দী
প্রতিযোগিতার যুগে কোমলমতি
শিশুরা হয় যান্ত্রিক
বাঁচার তাগিদে
কেউ বা হয় শিশুশ্রমিক৷
- Log in to post comments