ৰাৰার স্নেহ মায়ের আদর
বাৎসল্যের কত মায়া-ডোর৷
কত আবদার ছোট ভাই বোন
হাস্যমুখর সুখী গৃহ-কোণ৷
মুক্তির ডাক কর্ণে শ্রবণ৷
দিবা ও নিশি মাসি পিসির
কাণের কাছে ফিসির ফিসির৷
মন ভোলানোর কত যে ফন্দি
সংসার-সুখে যুগল বন্দি৷
দাদা ও দিদির কঠোর শাসন
ছোট্ট বাড়ির বাইরে বারণ৷
আরামে বিরামে পূর্বাশ্রম
উৎসবে ভরা কত মনোরম৷
ভুলে গেছো আজ সে-সব কাহিনী
হে সন্ন্যাসিনী, হে সন্ন্যাসিনী৷
কত বান্ধবী গল্পগুজব,
হাসি মশকরা কত কলরব
সাজানো গোছানো সংসার খানি
অন্তঃপুরে কত টানাটানি---
মুছে গেছে আজ সে-সব কাহিনী
হে সন্ন্যাসিনী, হে সন্ন্যাসিনী৷
অঙ্গে তুলেছো ত্যাগের প্রতীক,
পা থেকে মাথা শুধু গৈরিক৷
আহারে বিহারে কৃচ্ছ সাধন,
মানব সেবায় দহনে মরণ৷
আত্মমোক্ষে জগতের হিতে
প্রস্তুত প্রাণ উৎসর্গিতে৷
গুরুর মন্ত্রে কর্ম-যোগিনী
হে সন্ন্যাসিনী, হে সন্ন্যাসিনী৷
(২)
কত যন্ত্রণা কত-না কষ্ট
মুখে তার ছাপ ফোটে না স্পষ্ট৷
বেদনার কাঁটা হৃদয়ে বিদ্ধ৷
বৃহতের ডাক মনের গহনে---
ভোলেনি সুখের শত প্রলোভনে৷
দানবের দল গড়েছে বলয়,
তবু আদর্শে অকুতোভয়৷
মাথার ওপর আছেন যে তিনি
হে সন্ন্যাসিনী, হে সন্ন্যাসিনী৷
- Log in to post comments