হোয়াটস্যাপকে পুরোপুরি নিষিদ্ধ করল রাশিয়া৷ ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, দেশের আইন না মানার জন্যই মেসেজিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পালটা হোয়াটস্যাপ কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার তৈরি ম্যাক্স অ্যাপের প্রসার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যার ফলে সেদেশের মানুষের সাইবার স্পেসে সরকারের নজরদারি ও নিয়ন্ত্রণ আরও বেশি মজবুত হবে৷
২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকেই একাধিক বিদেশি প্ল্যাটফর্মের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় মস্কোর৷ প্ল্যাটফর্মগুলি থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চেয়েছিল ক্রেমলিন৷ যা দিতে নারাজ ছিল সংস্থাগুলি৷ যদিও রুশ কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসবাদ, প্রতারণা সহ অন্যান্য অপরাধ থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতেই তথ্য চাওয়া হয়েছিল৷ তারপরেই একের পর এক বিদেশি অ্যাপের উপর পদক্ষেপ নিচ্ছে রুশ প্রশাসন৷ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে হোয়াটস্যাপ৷ এক্স হ্যান্ডলে তারা লিখেছেন, ‘রাশিয়ার জনতার উপর নজরদারির জন্য তৈরি অ্যাপ ম্যাক্সের প্রসার বাড়াতেই এই কাজ করেছে ক্রেমলিন৷ সেদেশের ১০ কোটি মানুষ ব্যক্তিগত ও সুরক্ষিত যোগাযোগের মাধ্যম হারাবে৷’ তবে দেশের নিয়ম কানুন মানলে হোয়াটস্যাপ ফিরে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন৷ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যদি মেটা নিজের অবস্থান থেকে সরে এসে রুশ প্রশাসনের সঙ্গে আলোচনার টেবিলে বসে৷ তবে তাঁদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে৷ প্রসঙ্গত, গত ডিসেম্বরেই অ্যাপেলের ভিডিও কলিং প্ল্যাটফর্ম ফেসটাইমকে বন্ধ করেছে মস্কো৷ আংশিক বন্ধ করা হয়েছে টেলিগ্রামকেও৷