প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেনের খেতাব জিতলেন তারকা শাটলার৷ রবিবার মহিলাদের সিঙ্গলস ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাগুচিকে বশ মানান সিন্ধু৷ ম্যাচের ফল ২১-১৭, ২১-১৭৷ উল্লেখ্য, গত দু’বছরে এটাই তাঁর প্রথম খেতাব৷ শিরোপা জয়ের আনন্দে কোর্টেই কেঁদে ফেলেন ৩১ বছর বয়সি হায়দরাবাদি তারকা৷
ওলিম্পিকসে দু’বারের পদকজয়ী সিন্ধু৷ কিন্তু তাঁর সাম্প্রতিক ফর্ম মোটেও আশাব্যঞ্জক নয়৷ তার উপর দুরন্ত ছন্দে ছিলেন ইয়ামাগুচি৷ তাই সিন্ধুকে নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না কেউই৷ কিন্তু এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় শাটলারকে৷ তাঁর স্ম্যাশ ও ক্রস কোর্ট শটের নাগাল পাননি জাপানি তারকা৷ তবে তিনিও কম যান না৷ জাপান ওপেনে এর আগে ৫ বার ফাইনালে উঠেছেন ইয়ামাগুচি৷ খারাপ দিনেও প্রিয় কোর্টে নাছোড়বান্দা লড়াই চালান তিনি৷ প্রথম গেমে ৯-৬ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সিন্ধু৷ কিন্তু দ্রুত সমতায় ফেরেন জাপানি প্রতেযোগী৷ যদিও শেষরক্ষা হয়নি৷ দ্বিতীয় গেমে একটা সময় এগিয়ে গিয়েছিলেন ইয়ামাগুচি৷ এক্ষেত্রে কিছুটা চাপে ছিলেন সিন্ধুই৷ শেষপর্যন্ত অনবদ্য প্রত্যাবর্তনে খেতাব নিশ্চিত করেন তিনি৷ চার বছর আগে থাইল্যান্ড ওপেনে শেষবার ইয়ামাগুচিকে হারিয়েছিলেন ভারতীয় শাটলার৷